আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

১৫২ বছর পর যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। এর মধ্য দিয়ে ১৮৭৪ সালের পর অঙ্গরাজ্যটিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হলেন তিনি।

গতকাল বুধবার (১১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত নির্বাচনী ফলাফলের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গণনায় কলম প্রায় ০.৫ শতাংশ পয়েন্ট বা ৪ হাজার ৬০০ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।

৪৩ বছর বয়সী স্কট কলম পেশায় একজন জেলা অ্যাটর্নি। তাঁর এই জয়কে মিসিসিপির রাজনৈতিক ইতিহাসে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ১৮৭৪ সালে সাবেক দাস ব্ল্যাঞ্চ ব্রুসের পর এই প্রথম অঙ্গরাজ্যটি থেকে কোনো কৃষ্ণাঙ্গ প্রার্থী সিনেটর নির্বাচিত হলেন। একই সঙ্গে ১৯৮২ সালের পর মিসিসিপিতে প্রথমবারের মতো কোনো ডেমোক্র্যাট সিনেট আসনটিতে জয় পেলেন।

নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম এবং সাধারণ মানুষের অর্থনৈতিক উদ্বেগকে গুরুত্ব দেন কলম। তাঁর প্রচারণায় বর্তমান সিনেটর হাইড-স্মিথের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি বিজ্ঞাপনও আলোচনায় আসে।

২০১৮ সালে সিনেটে নিয়োগ পাওয়া রিপাবলিকান প্রার্থী সিন্ডি হাইড-স্মিথ পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় কলমকে অভিনন্দন জানান।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মিসিসিপির এই জয়ের ফলে ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের আসন বেড়ে ৫৫ এবং রিপাবলিকানদের ৪৪ হয়েছে। আলাস্কার একটি আসনের ফল তখনো চূড়ান্ত হয়নি।

এদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের ফলে প্রতিনিধি পরিষদেও দলটি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রথমবারের মতো তাঁর দুই মেয়াদের মধ্যে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে যাচ্ছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button