সৌদিতে মাদক চোরাচালানের দায়ে ৫ বাংলাদেশি গ্রেপ্তার
সৌদি আরবের হাইল অঞ্চলে মেথামফেটামিন (Methamphetamine) নামের মাদক চোরাচালানের অভিযোগে ৫ বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্থানীয়ভাবে এই মাদক ‘শাবু’ (Shabu) নামে পরিচিত।
সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর (জিডিএনসি) এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের দেশটির পাবলিক প্রসিকিউশনের (সরকারি কৌঁসুলির দপ্তর) কাছে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।
একই সঙ্গে মাদক চোরাচালান ও পাচারসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সৌদি আরবের নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে মাদকসংক্রান্ত কোনো অপরাধের তথ্য জানাতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে হবে। এ ছাড়া সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৪ নম্বরে ফোন করে তথ্য দেওয়া যাবে।
সৌদি আরবে মাদক চোরাচালান ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মেথামফেটামিন একটি অত্যন্ত শক্তিশালী ও আসক্তি সৃষ্টিকারী মাদক। এটি মানুষের মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুনঃ প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন চালুর দাবি
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের মাদক বহন, সংরক্ষণ কিংবা কেনাবেচার সঙ্গে জড়িত না থাকার বিষয়ে সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো ব্যাগ বা পার্সেল বহনের প্রস্তাব গ্রহণের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত।
এদিকে, গ্রেপ্তার পাঁচ বাংলাদেশির নাম-পরিচয়, তাঁদের কাছ থেকে উদ্ধার করা মাদকের পরিমাণ এবং পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।




একটি মন্তব্য