যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে ড্রোন, নতুন প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে ইউক্রেন
যুদ্ধক্ষেত্রে আহত সেনা উদ্ধারে ইউক্রেনের নতুন কৌশল

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ইউক্রেন। বিপজ্জনক যুদ্ধাঞ্চল থেকে আহত সেনাদের সরিয়ে নিতে বিশেষ ধরনের বিশাল আকারের ড্রোন ব্যবহার শুরু করেছে দেশটির সেনাবাহিনীর একটি ইউনিট। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই পদ্ধতি এখন নিয়মিত কার্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের ৪৭৫তম পৃথক অ্যাসল্ট রেজিমেন্টের ড্রোন পাইলট ‘কেভিএন’ প্রথমবার আহত এক সহযোদ্ধাকে উদ্ধারে বিশাল আকারের হেক্সাকপ্টার ড্রোন পরিচালনা করেন। ওই অভিযানের প্রস্তুতি নিতে সময় লেগেছিল সাত দিন। তবে মাত্র দুই সপ্তাহ পর একই ধরনের আরেকটি অভিযান প্রস্তুত করতে সময় লাগে মাত্র ১২ ঘণ্টা। এতে যুদ্ধক্ষেত্রে ড্রোনের মাধ্যমে আহত সেনা উদ্ধারের সক্ষমতা দ্রুত বাড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারির আশপাশে কয়েক মাইলজুড়ে বিস্তৃত বিপজ্জনক এলাকাকে ‘কিল জোন’ বলা হচ্ছে। এ এলাকায় আকাশে থাকা ড্রোনগুলো চলমান যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। ফলে আহত সেনারা অনেক সময় দিনের পর দিন, এমনকি সপ্তাহ বা মাস পর্যন্ত আটকে থাকেন।
এ পরিস্থিতিতে ইউক্রেনীয় বাহিনী আগে আহত সেনাদের উদ্ধারে চালকবিহীন স্থলযান ব্যবহার করত। তবে এসব যান ধীরগতির হওয়ায় সহজেই শত্রুপক্ষের ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সে তুলনায় আকাশপথে চলা উদ্ধারকারী ড্রোন দ্রুতগতির এবং তুলনামূলকভাবে সহজে আক্রমণ এড়িয়ে চলতে সক্ষম।
রেজিমেন্টটির চিকিৎসা বিভাগের প্রধান ‘চেরি’ জানান, আহত সেনাদের আকাশপথে উদ্ধারের জন্য আলাদা প্লাটুন গঠনের পরিকল্পনা চলছে। পাশাপাশি ড্রোন পাইলট ও চিকিৎসাকর্মীদের মধ্যে সমন্বয় আরও উন্নত করার কাজও করা হচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেজিমেন্টটির ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘স্টারগেট’ নামের একটি ড্রোন এক অভিযানে মোট ৬০ কিলোমিটার পথ অতিক্রম করে। এর অর্ধেক পথ ড্রোনটি একজন আহত সেনাকে বহন করে।
এদিকে স্টারগেট ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কাইফল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়িত এই ড্রোন ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে যোগাযোগে বাধা দেওয়ার চেষ্টা হলেও স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট স্থানে অবস্থান করতে ও অবতরণ করতে পারে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি মাসে প্রায় এক হাজার ড্রোন উৎপাদনের লক্ষ্য রয়েছে তাদের।
তবে ড্রোনের মাধ্যমে আহত সেনা উদ্ধারকে সব সমস্যার সমাধান হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। প্রতিটি অভিযানে ঝুঁকি রয়েছে এবং সফলভাবে উদ্ধারকাজ সম্পন্ন করতে সহযোগী ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে সমন্বয় প্রয়োজন।
খারকিভ অঞ্চলের একটি সামরিক হাসপাতালের প্রধান এডুয়ার্ড খোরোশুনের মতে, দ্রুত আহত সেনাদের সরিয়ে নিতে পারলে চিকিৎসাজনিত জটিলতা ও দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার ঝুঁকি কমতে পারে।
যুদ্ধের পঞ্চম বছরে এসে প্রযুক্তির মাধ্যমে সেনাদের জীবন রক্ষায় ইউক্রেনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হয়ে উঠছে এই ড্রোন উদ্ধারব্যবস্থা।



