মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এই উদ্যোগে আগামী ডিসেম্বরের আগেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে সংস্থাটির।
প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
রাশেদুল হক বলেন, মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে। এসব চাহিদাপত্রের বিপরীতে কোন কর্মীরা নিয়োগ পাবেন, তা চূড়ান্ত করবেন সংশ্লিষ্ট মালয়েশীয় নিয়োগকর্তারা। তাঁদের প্রয়োজন, পছন্দ ও চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে।
তিনি আরও জানান, ডিসেম্বরের আগেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। ডিএইচএলের প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তবে কোনো কারণে এক-দুই দিন দেরি হলে সেটি ভিন্ন বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগের এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে? কর্মীদের খরচ নির্ধারণ করল সরকার!
একই সঙ্গে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে আগ্রহীদের দালাল ও মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
কর্মী পাঠানোর সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন চাকরিপ্রার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া মানেই সমসংখ্যক কর্মীর নিয়োগ নিশ্চিত হওয়া নয়। এসব পদের বিপরীতে চূড়ান্ত কর্মী নির্বাচন করবেন মালয়েশিয়ার নিয়োগকর্তারা।
ফলে কারা নিয়োগ পাবেন এবং কবে তাঁদের যাত্রা শুরু হবে, তা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।



