সৌদির জিজানে একের পর এক দুর্ঘটনা, একই পরিবারের ৫ জনসহ নিহত ১২
সৌদি আরবের জিজান অঞ্চলে পৃথক ৩ টি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (১৩ নভেম্বর) অঞ্চলটির ফাইফা, জিজান-আবু আরিশ ও আবু আল-কাইদ সড়কে দুর্ঘটনাগুলো ঘটে। একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সৌদি সংবাদমাধ্যম ‘আল-ওয়াতান’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথম দুর্ঘটনাটি ঘটে ফাইফার আকাবাত শামিলা এলাকায়। সেখানে এক বাবা তাঁর স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে গাড়িতে যাচ্ছিলেন।
পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাহাড়ি ঢালে পড়ে যায়। এতে পরিবারের ৫ সদস্যই নিহত হন। পরে তাঁদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে জিজান-আবু আরিশ সড়কে। এতে ছয়জন নিহত এবং এক তরুণী আহত হন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-ওয়াতান জানায়, ৪ যুবককে বহনকারী একটি গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয়।
ওই গাড়িতে ছিলেন দুই তরুণী। এর কিছুক্ষণ পর দুই ব্যক্তি থাকা তৃতীয় একটি গাড়িও দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬ জনের মৃত্যু হয় এবং আহত হন এক তরুণী।
এ ছাড়া আবু আল-কাইদ সড়কে দুই গাড়ির সংঘর্ষে আরও এক যুবক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। তিনটি দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট উদ্ধারকারী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।
পরপর এসব দুর্ঘটনার পর জিজান অঞ্চলের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুনঃ বোমা হামলার হুমকিতে ইতালির ৩১২ স্কুল খালি!
বিশেষ করে পাহাড়ি ও দুর্ঘটনাপ্রবণ সড়কে প্রতিরোধক সীমানাপ্রাচীর স্থাপন, পর্যাপ্ত সড়কবাতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ ছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।
স্থানীয়দের মতে, সড়কের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ।



