প্রবাস

দীর্ঘ অপেক্ষার অবসান? বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম চালু করছে জার্মানি

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাঁদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস।

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় ভিসার আবেদন গ্রহণ করা হবে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)-এর মাধ্যমে।

দূতাবাসের ১৫ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হলো আগের অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে দীর্ঘ অপেক্ষার সময় কমানো। একই সঙ্গে আবেদনপত্র যাচাই এবং দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার প্রক্রিয়াকে আরও গতিশীল করা।

কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নথি ডিজিটাল পদ্ধতিতে জমা দেওয়ার সুযোগ থাকবে।

আবেদন জমা দেওয়ার পর জার্মান দূতাবাসের বাহ্যিক সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস (VFS) আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাই করবে। এতে সরাসরি সাক্ষাতের দিন প্রয়োজনীয় কাজগুলো তুলনামূলক দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় প্রাথমিক নথি যাচাইয়ের কাজ করা হবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানতে পারবেন শিক্ষার্থীরা।

প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও রাখা হয়েছে। দূতাবাসের প্রত্যাশা, নথিপত্র আগেই জমা ও প্রাথমিকভাবে যাচাই করা থাকায় সরাসরি সাক্ষাতের সময় কমবে এবং পুরো আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য হবে।

নতুন ব্যবস্থা চালুর সঙ্গে পুরোনো অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিরও পরিবর্তন আসছে। দূতাবাস জানিয়েছে, আগের ব্যবস্থার অধীনে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা ২০২৬ সালের শেষ নাগাদ বন্ধ করে দেওয়া হবে।

এর অর্থ, পুরোনো তালিকায় যেসব শিক্ষার্থী ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাঁদেরও নতুন করে আবেদন করতে হবে। তাঁদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে। অর্থাৎ, আগের অপেক্ষমাণ তালিকায় নাম থাকলেই নতুন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

দূতাবাসের ভাষ্য, পুরোনো তালিকায় থাকা আবেদনকারীদের জন্য এই পরিবর্তন সাময়িক অসুবিধার কারণ হতে পারে। তবে নতুন পদ্ধতিতে আবেদন ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় আগের তুলনায় কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

যেভাবে আবেদন করবেন

জার্মানিতে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য জাতীয় ভিসা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের নতুন পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে হবে। পোর্টালের ঠিকানা:

https://digital.diplo.de/

আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য নির্দেশনা পোর্টালটিতে পাওয়া যাবে। এ ছাড়া জার্মান দূতাবাসের ওয়েবসাইটেও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে আবেদন করা বা ভিএফএসের মাধ্যমে নথিপত্র প্রাথমিকভাবে যাচাই হওয়া মানেই ভিসা অনুমোদন নয়।

ভিএফএস আবেদন গ্রহণ ও প্রাথমিক নথি যাচাইয়ের দায়িত্ব পালন করলেও প্রতিটি আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জার্মান দূতাবাস। আবেদনকারীর জমা দেওয়া কাগজপত্র ও ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় ভিসার সিদ্ধান্ত দেওয়া হয়।

দূতাবাসের জাতীয় ভিসা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভিসার সাধারণ প্রক্রিয়াকরণ সময় প্রায় চার সপ্তাহ।

তবে এটি আবেদন জমা দেওয়ার আগের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় নয় আবেদন দূতাবাসে পৌঁছানোর পর থেকে প্রক্রিয়াকরণের সময় গণনা করা হয়। বিশেষ পরিস্থিতিতে সময় কমবেশি হতে পারে।

তাই জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের নতুন পোর্টালের নির্দেশনা অনুসরণ করে আবেদন প্রস্তুত করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র আগেই গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button