বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আতঙ্কে বাসিন্দারা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে স্থাপনাটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, ইরান থেকে ছোড়া একাধিক আকাশপথের হামলা দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্যে হামলার কারণে একটি বেসামরিক শিল্প স্থাপনায় বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
তবে হামলার শিকার শিল্প স্থাপনাটির নাম কিংবা অবস্থান প্রকাশ করেনি বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। তবে ঠিক কী ধরনের হামলার আশঙ্কা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
বাহরাইনের শিল্প স্থাপনায় হামলার পর দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানো হয়েছে।
ইরানি বাহিনীর দাবি, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ঘাঁটি দুটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। এর জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে অভিযান চালায়।
এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।
ইরানি বাহিনীর ভাষ্য, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি দেশটির হেনগাম দ্বীপের একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেও এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে বাহরাইনের সিত্রা দ্বীপে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে আইআরএনএ জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বারবার যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ দাবির বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক দিনগুলোতেও কয়েক সপ্তাহের বিরতির পর ৩ টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিল্প স্থাপনায় হামলার পর বাহরাইন কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা বা ‘অল-ক্লিয়ার’ সংকেত দিলেও বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুনঃ ইয়েমেনে বিমান হামলার পর সৌদিকে ভয়ংকর হুঁশিয়ারি হুতিদের
সর্বশেষ হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাহরাইন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করতে ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানায়।
গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানের ওপর ইরানের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সমুদ্রপথে হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়েছে।
হামলার ঘটনায় বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সংস্থাটির মহাসচিব জাসিম মোহাম্মদ আলবুদাইউই বলেন, বাহরাইনের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, স্থাপনা, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় জিসিসি ঐক্যবদ্ধ। হামলার ঘটনায় বাহরাইন যে পদক্ষেপ নেবে, তার প্রতি সংস্থাটির সমর্থন থাকবে।
এদিকে বাহরাইনের ওপর হামলার নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটি ঘটনাটিকে বাহরাইনের সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছে।
জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রায় প্রকাশিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ হামলা বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনের এই হামলার ঘটনা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



