প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবাসীদের ওপর ফের অভিযান, আটক ১৫২ বাংলাদেশি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় বিদেশি নাগরিকদের বিরুদ্ধে বড় ধরনের যৌথ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

অভিযানের সময় বৈধ কাগজপত্রহীন অভিবাসীরা দোকানঘরগুলোর সরু গলি দিয়ে পালানোর চেষ্টা করলেও অভিযান পরিচালনাকারী দল সব বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। এ অভিযানে ১৫২ বাংলাদেশিসহ মোট ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার সকালে পরিচালিত দুই ঘণ্টার এ অভিযানে মোট ৮৩১ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪০৫ জন পুরুষ ও ৮৪ জন নারী। তাদের বয়স ১৯ থেকে ৬২ বছরের মধ্যে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি অভিযানের পর ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক রয়েছেন। দেশভিত্তিক আটকের সংখ্যা হলো-বাংলাদেশের ১৫২ জন, নেপালের ১১৫ জন, মিয়ানমারের ৯৯ জন, ভারতের ৬৫ জন, ইন্দোনেশিয়ার ৪৩ জন, পাকিস্তানের ১১ জন এবং শ্রীলঙ্কার চারজন।

লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ অভিবাসনসংক্রান্ত কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা এবং কর্মানুমতির শর্ত ভঙ্গের অভিযোগে এসব বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য অভিবাসন আটককেন্দ্রে নেওয়া হবে।

অভিযানে বিদেশি কর্মীদের কর্মানুমতির অপব্যবহারের ঘটনাও ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, নির্মাণ খাতে কাজের অনুমতি থাকা কিছু বিদেশি নাগরিক রেস্তোরাঁয় কাজ করছেন।

এ বিষয়ে লোকমান এফেন্দি বলেন, সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের পাশাপাশি যেসব নিয়োগকর্তা তাদের কাজে নিয়োগ দিয়েছেন, তারাও আইন লঙ্ঘন করেছেন। কারণ, নির্দিষ্ট খাতের বৈধ কর্মানুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ করা অপরাধ।

তিনি আরও বলেন, কোনো নিয়োগকর্তা রেস্তোরাঁ বা খাবার পরিবেশন খাতে বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে অবশ্যই নিশ্চিত করতে হবে, ওই কর্মীদের সেবা খাতের জন্য প্রয়োজনীয় বৈধ কর্মানুমতি রয়েছে।

আরও পড়ুনঃ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন ফাঁদ?

তামান শ্রী মুদার এ যৌথ অভিযানে মোট ২৫৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। তাদের মধ্যে ছিলেন অভিবাসন বিভাগের সদস্য, জেনারেল অপারেশনস ফোর্স, দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, সিভিল ডিফেন্স ফোর্স, জাতীয় মাদকবিরোধী সংস্থা, মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম) এবং শাহ আলম সিটি কাউন্সিলের প্রতিনিধিরা।

অভিযানে মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম) ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা বা কম্পাউন্ড জারি করেছে। এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে তদন্তে সহায়তার জন্য তলব নোটিশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধ অভিবাসন নথি, ভিসার মেয়াদ এবং কর্মানুমতির শর্ত মেনে চলার বিষয়ে কর্তৃপক্ষের এই অভিযান নতুন করে সতর্কবার্তা দিচ্ছে। বিশেষ করে এক খাতের অনুমতি নিয়ে অন্য খাতে কাজ করা এবং বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করার কারণে প্রবাসী কর্মীদের আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button