বিদেশে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা নেই, প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত হচ্ছেন প্রবাসীরা
চাকরি ছাড়াই বিদেশে যাওয়ার প্রলোভন, লাখ লাখ টাকা খরচ করেও মিলছে না কাজ; বৈধ কাগজপত্র থাকলেও অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ নেই অনেক ক্ষেত্রে

‘ফ্রি ভিসায় বিদেশে যেতে পারবেন’, ‘কোনো কোম্পানির অধীনে কাজ করতে হবে না’, ‘বিদেশে গিয়ে নিজের পছন্দমতো কাজ খুঁজে নিতে পারবেন’—এমন নানা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রলোভন দেখাচ্ছে একশ্রেণির দালাল ও অসাধু মধ্যস্বত্বভোগী।
চাকরির নিশ্চয়তা ছাড়াই ভিসা দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে নেওয়া হচ্ছে কয়েক লাখ টাকা। কিন্তু বিদেশে পৌঁছানোর পর দেখা যাচ্ছে, নেই নির্ধারিত কাজ, নেই বেতনের নিশ্চয়তা, এমনকি যে প্রতিষ্ঠানের নামে ভিসা নেওয়া হয়েছে, তার বাইরে কাজ করাও অনেক ক্ষেত্রে আইনত দণ্ডনীয়।
প্রবাসী কর্মীদের মধ্যে ‘ফ্রি ভিসা’ নামে পরিচিত এই ব্যবস্থাটি মূলত অনানুষ্ঠানিক শ্রমবাজারে প্রচলিত একটি ধারণা। এটি কোনো স্বীকৃত সরকারি ভিসার ধরন নয়। বিশেষ করে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশে স্থানীয় স্পনসর বা নিয়োগকর্তার নামে ভিসা নিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করার যে ব্যবস্থা প্রচলিত, সেটিকেই অনেক সময় ‘ফ্রি ভিসা’ বলা হয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিশ্বব্যাংক এবং বিভিন্ন গবেষণায় এই অনানুষ্ঠানিক ব্যবস্থার ঝুঁকি ও শ্রমিকদের শোষণের বিষয়টি উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, চাকরির নিশ্চয়তা ছাড়া বিদেশে যাওয়া, স্পনসরকে নিয়মিত অর্থ দেওয়া এবং অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ খোঁজার কারণে অনেক কর্মী অনিশ্চয়তা ও আইনি ঝুঁকিতে পড়েন।
‘ফ্রি ভিসা’ বলতে আসলে কী বোঝায়?
সহজ ভাষায়, বিদেশে যাওয়ার আগে কোনো নির্দিষ্ট চাকরি বা নিয়োগকর্তার সঙ্গে চুক্তি না করেই ভিসা নিয়ে যাওয়ার যে ব্যবস্থাকে বাংলাদেশে ‘ফ্রি ভিসা’ বলা হয়, সেটিই সাধারণত এই অনানুষ্ঠানিক ব্যবস্থার মূল ধারণা।
এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশি কর্মীর নামে ভিসা বা স্পনসরশিপের ব্যবস্থা করে। কিন্তু ওই স্পনসর অনেক সময় কর্মীকে নিজের প্রতিষ্ঠানে কাজ দেয় না। বরং কর্মীকে বিদেশে গিয়ে নিজেই কাজ খুঁজে নিতে বলা হয়। বিনিময়ে স্পনসরকে নির্দিষ্ট সময় পরপর অর্থ দিতে হতে পারে।
বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে প্রচলিত স্পনসরশিপ ব্যবস্থার সঙ্গে এই ধারণার সম্পর্ক রয়েছে। স্থানীয় স্পনসর বা নিয়োগকর্তার অধীনে বিদেশি কর্মীর বসবাস ও কাজের অনুমতি নির্ভর করতে পারে। ফলে ভিসায় যে প্রতিষ্ঠানের নাম রয়েছে, বাস্তবে অন্য প্রতিষ্ঠানে কাজ করতে গেলে দেশটির আইন ও অনুমতির শর্ত প্রযোজ্য হয়।
আইএলওর একটি গবেষণায় বলা হয়েছে, ‘ফ্রি ভিসা’ নামে পরিচিত ব্যবস্থা কোনো দেশের আইনে স্বীকৃত ভিসা শ্রেণি নয়। বরং এটি অনানুষ্ঠানিক শ্রম অভিবাসন বাজারে কেনাবেচা হওয়া একটি ব্যবস্থা। গবেষণায় ‘ফলস কাফিল’ বা প্রকৃত নিয়োগ না করেও স্পনসর হিসেবে যুক্ত ব্যক্তিদের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
কেন ‘ফ্রি ভিসা’ বলে প্রচার করা হয়?
বিদেশে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট চাকরি, নিয়োগকর্তা ও বেতন উল্লেখ করা ভিসার তুলনায় ‘ফ্রি ভিসা’র প্রচারণা অনেকের কাছে আকর্ষণীয় মনে হয়। কারণ, কর্মীকে বলা হয়—বিদেশে গিয়ে নিজের সুবিধামতো কাজ খুঁজে নিতে পারবেন, একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন কিংবা বেশি আয়ের সুযোগ পাবেন।
কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতির সঙ্গে ভিসা ও কাজের অনুমতির শর্তের মিল নাও থাকতে পারে। কর্মী বিদেশে পৌঁছানোর পর স্পনসর বা মধ্যস্বত্বভোগীকে টাকা দিতে হতে পারে। অন্যদিকে, প্রতিশ্রুত কাজ না পেলে নিজের খরচে থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয় বহন করতে হয়।
কখনো কর্মীকে বলা হয়, ‘ইকামা করে দেওয়া হবে’, ‘কাজের কোনো সমস্যা হবে না’, ‘পুলিশ ধরবে না’ কিংবা ‘যেকোনো কোম্পানিতে কাজ করা যাবে’। অথচ এসব কথার পক্ষে বৈধ কাগজপত্র বা সরকারি অনুমতি থাকে না। ফলে কর্মী একদিকে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন, অন্যদিকে অবৈধভাবে কাজ করার অভিযোগে জরিমানা, আটক বা দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়েন।
সৌদি আরবের আইনে কী বলা আছে?
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের শ্রম আইনে বিদেশি কর্মীদের জন্য কাজের অনুমতি ও নিয়োগকর্তার সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে।
আইনের ৩৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশি নাগরিকের কাজ করার জন্য মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়ার্ক পারমিট প্রয়োজন। কর্মীকে বৈধভাবে দেশে প্রবেশ করতে হবে, কাজের অনুমতি থাকতে হবে এবং তিনি একজন নিয়োগকর্তার সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন।
৩৭ নম্বর অনুচ্ছেদে বিদেশি কর্মীর লিখিত ও নির্দিষ্ট মেয়াদের চাকরির চুক্তির কথা বলা হয়েছে। ৩৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ওয়ার্ক পারমিটে উল্লেখ করা পেশার বাইরে কাজ করার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ৩৯ নম্বর অনুচ্ছেদ। এতে বলা হয়েছে, নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ ছাড়া কোনো নিয়োগকর্তা তাঁর কর্মীকে অন্য নিয়োগকর্তার অধীনে কাজ করতে দিতে পারবেন না। একইভাবে কর্মীও অন্য নিয়োগকর্তার অধীনে বা নিজের হিসাবে কাজ করতে পারবেন না। অর্থাৎ শুধু ইকামা বা বৈধভাবে দেশে অবস্থানের কাগজ থাকলেই যেকোনো প্রতিষ্ঠানে কাজ করার অনুমতি পাওয়া যায় না। তবে সৌদি আরবে নির্দিষ্ট শর্তে নিয়োগকর্তা পরিবর্তন বা চাকরি স্থানান্তরের সরকারি ব্যবস্থা রয়েছে।
আইনের ৪০ নম্বর অনুচ্ছেদে বিদেশি কর্মী নিয়োগ, বসবাস ও কাজের অনুমতিসংক্রান্ত নির্ধারিত ব্যয়ের দায়িত্ব নিয়োগকর্তার ওপর দেওয়ার বিধানও রয়েছে। ফলে স্পনসরকে নিয়মিত অর্থ দিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করার যে অনানুষ্ঠানিক ব্যবস্থা প্রচলিত, তা আইনসম্মত কর্মসংস্থানের বিকল্প নয়।
সব দেশে কি একই নিয়ম?
না। ‘ফ্রি ভিসা’ নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা হলো—এক দেশে যে ধরনের কাজের অনুমতি রয়েছে, অন্য দেশেও সেটি একইভাবে কার্যকর হবে। বাস্তবে প্রতিটি দেশের ভিসা, বসবাস ও কর্মসংস্থানসংক্রান্ত আইন আলাদা।
সংযুক্ত আরব আমিরাত: দেশটিতে কাজের জন্য মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের (মোহরে) বৈধ ওয়ার্ক পারমিট প্রয়োজন। তবে সেখানে নির্দিষ্ট শর্তে পার্টটাইম ও ফ্রিল্যান্স ওয়ার্ক পারমিটের ব্যবস্থা রয়েছে। ফ্রিল্যান্স পারমিটের আওতায় নির্দিষ্ট সেবা স্বাধীনভাবে দেওয়ার সুযোগ থাকতে পারে। এটি অনুমোদিত একটি কর্মব্যবস্থা; কিন্তু একে অনানুষ্ঠানিক ‘ফ্রি ভিসা’র সঙ্গে এক করে দেখা যাবে না।
আমিরাত সরকারের নির্দেশনায় বলা হয়েছে, চাকরির প্রস্তাব পেলে মোহরে ইস্যু করা অফার লেটার যাচাই করতে হবে। ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় কাজ করার অনুমতি নেই। অন্য প্রতিষ্ঠানে কাজ করতে হলেও প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
সৌদি আরব: নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হয়। তবে সরকারি নিয়ম মেনে চাকরি বা নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ রয়েছে। কেবল ‘ফ্রি ভিসা’ বলা হচ্ছে বলে অন্য প্রতিষ্ঠানে কাজ করার বৈধ অধিকার তৈরি হয় না।
কাতারসহ অন্যান্য উপসাগরীয় দেশ: দেশভেদে স্পনসরশিপ, চাকরি পরিবর্তন, ওয়ার্ক পারমিট ও চুক্তির নিয়ম আলাদা। আইএলও বলছে, উপসাগরীয় অঞ্চলের প্রচলিত স্পনসরশিপ ব্যবস্থায় নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ সীমিত থাকলে অভিবাসী কর্মীরা শোষণ ও জোরপূর্বক শ্রমের ঝুঁকিতে পড়তে পারেন। তবে বিভিন্ন দেশে এ ব্যবস্থা সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে।
অতএব, কোনো দালাল ‘সব দেশে ফ্রি ভিসায় কাজ করা যায়’—এমন দাবি করলে তা বিশ্বাস করার আগে সংশ্লিষ্ট দেশের সরকারি নিয়ম যাচাই করা জরুরি।
ফ্রি ভিসার নামে কত বড় আর্থিক ক্ষতি হচ্ছে?
‘ফ্রি ভিসা’ নামে প্রচলিত ব্যবস্থার আর্থিক ক্ষতি নিয়ে ২০২৫ সালের অক্টোবরে একটি গবেষণা প্রকাশ করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। গবেষণায় বলা হয়, ২০২২ সালে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে কর্মরত বাংলাদেশি অভিবাসীদের অনৈতিক ও প্রতারণামূলক নিয়োগপ্রক্রিয়ার কারণে আনুমানিক ৩০ হাজার কোটি টাকার অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে।
গবেষণাটি ২০২৩ সালের শেষভাগ থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে আটটি অভিবাসনপ্রবণ জেলার ১ হাজার ৮৪ জন কর্মীর ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি। এতে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশ কর্মী বিদেশে যাওয়ার প্রক্রিয়া শুরু বা সম্পন্ন করতে অনানুষ্ঠানিক কিংবা অবৈধ মধ্যস্বত্বভোগীর সহায়তা নিয়েছিলেন। বিপরীতে মাত্র ৭ শতাংশ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছেন।
গবেষণায় ‘ফ্রি ভিসা’কে বিভ্রান্তিকর শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এ ধরনের ব্যবস্থায় অনেক কর্মী প্রকৃত চাকরি বা বৈধ কাজের নিশ্চয়তা ছাড়াই মধ্যস্বত্বভোগীদের বড় অঙ্কের অর্থ দেন। বিদেশে পৌঁছানোর পরও তাঁদের বিভিন্ন খরচ ও হয়রানির মুখে পড়তে হয়। তবে ৩০ হাজার কোটি টাকার হিসাবটি গবেষণার অনুমান; এটি সরকারি নিরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো ক্ষতির পরিমাণ নয়।
প্রতারণার সাধারণ কৌশল
অভিবাসন খাতের গবেষণা ও বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণে ‘ফ্রি ভিসা’র নামে কয়েক ধরনের প্রতারণার চিত্র পাওয়া যায়।
চাকরি ছাড়াই ভিসার প্রতিশ্রুতি: নির্দিষ্ট কোম্পানি বা কাজের চুক্তি ছাড়াই বিদেশে গিয়ে কাজ খুঁজে নেওয়ার কথা বলা হয়।
অন্য প্রতিষ্ঠানে কাজের নিশ্চয়তা: ভিসায় এক প্রতিষ্ঠানের নাম থাকলেও অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে বলে দাবি করা হয়, অথচ প্রয়োজনীয় অনুমতি থাকে না।
স্পনসরকে নিয়মিত টাকা দেওয়ার শর্ত: বিদেশে গিয়ে কাজ না দিলেও স্পনসরকে মাসিক বা নির্দিষ্ট সময় পরপর টাকা দিতে হতে পারে।
ভুয়া বেতন ও পেশার প্রতিশ্রুতি: বাংলাদেশে এক ধরনের কাজ ও বেতনের কথা বলা হলেও বিদেশে গিয়ে ভিন্ন কাজ বা কম বেতন দেওয়া হয়।
অতিরিক্ত অভিবাসন ব্যয়: ভিসা, মেডিকেল, টিকিট ও অন্যান্য খরচের নামে অস্বচ্ছভাবে বড় অঙ্কের টাকা নেওয়া হয়।
কাগজপত্র আটকে রাখা: বিদেশে পৌঁছানোর পর পাসপোর্ট বা প্রয়োজনীয় নথি আটকে রেখে কর্মীকে অসহায় অবস্থায় ফেলা হতে পারে।
আইওএমের বাংলাদেশে নিয়োগপ্রক্রিয়া নিয়ে করা গবেষণায় অনানুষ্ঠানিক মধ্যস্বত্বভোগী, ভিসা-সংক্রান্ত অস্পষ্টতা এবং তথাকথিত ‘ফ্রি ভিসা’র কারণে কর্মীদের ঝুঁকিতে পড়ার বিষয়টি উঠে এসেছে।
বিদেশে গিয়ে কী ধরনের বিপদে পড়তে পারেন?
‘ফ্রি ভিসা’র নামে বিদেশে যাওয়া কর্মীদের সবচেয়ে বড় সমস্যা হলো চাকরির নিশ্চয়তা না থাকা। কাজ না পেলে তাঁদের নিজের খরচে থাকা-খাওয়া, বাসাভাড়া, যাতায়াত ও অন্যান্য ব্যয় বহন করতে হয়। অনেকেই দেশে থেকে ঋণ করে বিদেশে যান। ফলে আয় না থাকলেও ঋণের কিস্তি ও পরিবারের খরচের চাপ বাড়তে থাকে।
অন্য প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া কাজ করলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী জরিমানা, আটক, কাজের অনুমতি বাতিল কিংবা দেশে ফেরত পাঠানোর ঝুঁকি তৈরি হতে পারে। স্পনসর বা নিয়োগকর্তার সঙ্গে বিরোধ হলে আইনি সহায়তা পাওয়া কঠিন হতে পারে। কখনো কর্মীকে দেশে ফেরার খরচও নিজেকেই বহন করতে হয়।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার শ্রম অভিবাসনবিষয়ক এক গবেষণায় ‘আজাদ’ বা তথাকথিত স্বাধীন ভিসার বিষয়ে বলা হয়েছে, কর্মীরা মনে করেন এ ধরনের ভিসায় তাঁরা যেকোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে তাঁদের একজন নির্দিষ্ট স্পনসরের অধীনেই থাকতে হয়।
বাংলাদেশে বৈধভাবে বিদেশে যাওয়ার নিয়ম কী?
বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী, বিদেশে কর্মসংস্থানের জন্য কর্মী নির্বাচন, নিয়োগ এবং অভিবাসন প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হয়।
আইনের ১৯ নম্বর ধারায় অভিবাসনপ্রত্যাশী ও অভিবাসী কর্মীদের বিএমইটিতে নিবন্ধনের কথা বলা হয়েছে। ২০ নম্বর ধারায় নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে বহির্গমন ছাড়পত্র বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেওয়ার বিধান রয়েছে।
২২ নম্বর ধারায় নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে লিখিত চাকরির চুক্তির কথা বলা হয়েছে। ওই চুক্তিতে বেতন, আবাসন সুবিধা, চাকরির মেয়াদ, মৃত্যু বা দুর্ঘটনায় ক্ষতিপূরণ এবং যাতায়াতের খরচসহ গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ থাকার কথা।
সরকারি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) তথ্য অনুযায়ী, বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় নিয়োগকর্তা ও চাকরির চাহিদা যাচাই, বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রয়োজনীয় সত্যায়ন, কর্মীর নিবন্ধন, প্রশিক্ষণ, মেডিকেল, ভিসা এবং বিএমইটির বহির্গমন ছাড়পত্রের মতো ধাপ রয়েছে।
বিদেশে যাওয়ার আগে যেসব বিষয় নিশ্চিত করবেন:
১. যে কোম্পানিতে কাজ করবেন, তার নাম ও ঠিকানা যাচাই করুন।
২. নিয়োগপত্র ও লিখিত চাকরির চুক্তি সংগ্রহ করুন।
৩. চুক্তিতে বেতন, কাজের ধরন, কর্মঘণ্টা, ছুটি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা উল্লেখ আছে কি না দেখুন।
৪. ভিসা ও ওয়ার্ক পারমিটের ধরন যাচাই করুন। শুধু ভিসা থাকলেই কাজের অনুমতি আছে—এমন ধরে নেবেন না।
৫. বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, সেটির সরকারি লাইসেন্স ও বর্তমান অবস্থা যাচাই করুন।
৬. সব অর্থ পরিশোধের রসিদ সংগ্রহ করুন। ব্যক্তিগত ব্যাংক হিসাব বা অজ্ঞাত ব্যক্তির কাছে টাকা পাঠানোর আগে সতর্ক থাকুন।
৭. বিএমইটি নিবন্ধন ও বহির্গমন ছাড়পত্র নিশ্চিত করুন।
৮. বিদেশে গিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করার কথা থাকলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি আগে নিশ্চিত করুন।
সরকারি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাকরির নিশ্চয়তা, ভিসা কিংবা নিবন্ধনের নামে অর্থ দাবি করলে সরকারি মাধ্যমে তথ্য যাচাই করা উচিত। লিখিত চুক্তি ছাড়া বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াও ঝুঁকিপূর্ণ।
প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ করবেন?
বিদেশে যাওয়ার আগে কোনো এজেন্সি বা দালাল প্রতারণা করলে কিংবা চুক্তি অনুযায়ী কাজ না দিলে প্রথমেই প্রয়োজনীয় কাগজপত্র, টাকা দেওয়ার রসিদ, চুক্তিপত্র, ভিসা ও যোগাযোগের তথ্য সংরক্ষণ করতে হবে।
এরপর অভিযোগ জানানো যেতে পারে—
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি): রিক্রুটিং এজেন্সি ও বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়াসংক্রান্ত অভিযোগের জন্য।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও): বিদেশে যাওয়ার নিয়ম, এজেন্সির তথ্য ও অভিযোগের বিষয়ে সহায়তার জন্য।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: অভিবাসনসংক্রান্ত অভিযোগ ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার জন্য।
বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেট: বিদেশে অবস্থানকালে নিয়োগকর্তার হয়রানি, বেতন না পাওয়া, আটকে রাখা বা আইনি সমস্যায় সহায়তার জন্য।
সরকারি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে অনলাইন অভিযোগ ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া মাইগ্রেশন রিসোর্স সেন্টার বাংলাদেশ (এমআরসি) জানিয়েছে, বিদেশে কর্মস্থলে নির্যাতন বা শোষণের শিকার হলে বাংলাদেশ দূতাবাস, সংশ্লিষ্ট শ্রম উইং এবং প্রয়োজন অনুযায়ী স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা উচিত।
বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে যেন কেউ প্রতারণার শিকার না হন, সে জন্য ‘ফ্রি ভিসা’ শব্দটির প্রকৃত অর্থ জানা জরুরি। বিদেশে যাওয়ার আগে ভিসার ধরন, কাজের অনুমতি, নিয়োগকর্তা ও চাকরির চুক্তি যাচাই করা প্রত্যেক কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মনে রাখতে হবে, বিদেশে যাওয়ার জন্য শুধু ভিসা নয়, প্রয়োজন বৈধ কাজের অনুমতি ও প্রকৃত চাকরির নিশ্চয়তা। ‘ফ্রি ভিসা’ বলে কেউ যদি চাকরি ছাড়াই বিদেশে গিয়ে যেকোনো জায়গায় কাজ করার নিশ্চয়তা দেন, তাহলে সেই প্রস্তাবের বৈধতা যাচাই না করে টাকা দেওয়া বা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।



