এইচএসসি পাসেই সরকারি চাকরি, হাই-টেক পার্কে নিয়োগ ৩৩ জন

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে (বিএইচটিপিএ) রাজস্ব খাতে ৩৩টি শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে ২ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন প্রতিষ্ঠানটিতে তিন ক্যাটাগরির পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে জনবল নেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে হিসাবরক্ষক পদে। এ পদে ২১ জন নেওয়া হবে। এ ছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী পদে ৯ জন এবং ব্যক্তিগত সহকারী পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।
কোন পদে কতজন নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, হিসাবরক্ষক পদে ২১ জনকে গ্রেড-১৪ অনুযায়ী ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা বেতন দেওয়া হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী পদে ৯ জন এবং ব্যক্তিগত সহকারী পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। এ দুটি পদে বেতন গ্রেড-১৬ অনুযায়ী ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা
হিসাবরক্ষক পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন।
অন্যদিকে কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী এবং ব্যক্তিগত সহকারী পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে। এসব পদের প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা ও আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৬ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। দেশের সব জেলার যোগ্য নাগরিকরা পদগুলোতে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর ও শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন করতে হবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন লিংক: http://bhtpa.teletalk.com.bd
আবেদন ফরম পূরণের সময় প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ছবি ও স্বাক্ষর নির্ধারিত নিয়মে জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হলে Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টন
বিজ্ঞপ্তিতে নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টনও উল্লেখ করা হয়েছে। এতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষাসহ মোট ১১০ নম্বরের পরীক্ষার কথা বলা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া বিস্তারিত নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করার আগে যা জানা জরুরি
আবেদন করার আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পদভিত্তিক শর্ত এবং টাইপিং দক্ষতার বিষয়গুলো ভালোভাবে যাচাই করতে হবে। আবেদনে দেওয়া তথ্য যেন জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকেও নজর রাখতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bhtpa.gov.bd এবং টেলিটকের আবেদন ওয়েবসাইট http://bhtpa.teletalk.com.bd ভিজিট করতে হবে।



