আরও কঠোর নিয়ম করল সৌদি, আওতায় পড়বে যারা
সৌদি আরবে ব্যবসা পরিচালনাকারী বড় বহুজাতিক কোম্পানিগুলোর জন্য ন্যূনতম ১৫ শতাংশ কার্যকর কর নিশ্চিত করতে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির সরকার।
আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ‘ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স’ বা স্থানীয় ন্যূনতম অতিরিক্ত কর কার্যকর হবে।
তবে সৌদি আরবে ব্যবসা করা সব প্রতিষ্ঠানকে এই কর দিতে হবে না। নির্দিষ্ট আয়ের সীমা পূরণকারী আন্তর্জাতিক বহুজাতিক গোষ্ঠীর আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জেডএটিসিএ) গত ১৯ নভেম্বর নতুন করব্যবস্থা কার্যকরের ঘোষণা দেয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় কমপক্ষে ৭৫ কোটি ইউরো বা এর সমপরিমাণ সৌদি রিয়াল, সেসব গোষ্ঠীর আওতাভুক্ত যোগ্য প্রতিষ্ঠান নতুন করের আওতায় পড়বে।
কর্তৃপক্ষের ঘোষণার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা। কোনো যোগ্য প্রতিষ্ঠানের কার্যকর করের হার নির্ধারিত সীমার নিচে থাকলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে।
জেডএটিসিএর ঘোষণা অনুযায়ী, নতুন করব্যবস্থার আওতায় আসার ক্ষেত্রে কোনো বহুজাতিক গোষ্ঠীর বার্ষিক সম্মিলিত আয় কমপক্ষে ৭৫ কোটি ইউরো হতে হবে।
সৌদি রিয়ালে এর সমপরিমাণ আয়ও বিবেচনায় নেওয়া হবে। বর্তমানে এর আনুমানিক মূল্য প্রায় ৩০৮ কোটি সৌদি রিয়াল।
তবে এক অর্থবছরে এই আয়সীমা অর্জন করলেই কোনো প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে করের আওতায় আসবে না। নতুন নিয়ম কার্যকরের আগের চার অর্থবছরের মধ্যে অন্তত দুই অর্থবছরে নির্ধারিত আয়সীমা পূরণ করতে হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বহুজাতিক গোষ্ঠীর মূল বা চূড়ান্ত অভিভাবক প্রতিষ্ঠানের সম্মিলিত আর্থিক বিবরণী বিবেচনা করা হবে। অর্থাৎ সৌদি আরবে থাকা কোনো শাখা বা সহযোগী প্রতিষ্ঠানের আয় এককভাবে ৭৫ কোটি ইউরো হতে হবে এমন নয়; পুরো বহুজাতিক গোষ্ঠীর সম্মিলিত আয় দিয়ে যোগ্যতা নির্ধারণ করা হবে।
নতুন করব্যবস্থা নিয়ে সৌদি আরবে ব্যবসা করা ছোট ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে জেডএটিসিএ স্পষ্ট করেছে, এই কর সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়।
যেসব প্রতিষ্ঠান কেবল সৌদি আরবের অভ্যন্তরে ব্যবসা পরিচালনা করে এবং কোনো যোগ্য বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, তারা নতুন ব্যবস্থার আওতায় পড়বে না।
একইভাবে নির্ধারিত আয়ের সীমা পূরণ করে না এমন প্রতিষ্ঠানও শুধু সৌদিতে ব্যবসা করার কারণে এই করের আওতায় আসবে না।
তবে কোনো বিদেশি কোম্পানির সৌদি শাখা বা সহযোগী প্রতিষ্ঠান যদি নির্ধারিত আয়ের সীমা পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর অংশ হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হতে পারে।
নতুন করব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১৫ শতাংশ কর প্রতিষ্ঠানের মোট বিক্রয় বা আয়ের ওপর সরাসরি আরোপ করা হবে না। বরং সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার হিসাব করে তা ন্যূনতম ১৫ শতাংশে উন্নীত করা হবে।
উদাহরণ হিসেবে, কোনো যোগ্য বহুজাতিক প্রতিষ্ঠানের সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার যদি নির্ধারিত নিয়ম অনুযায়ী ১০ শতাংশ হয়, তাহলে ১৫ শতাংশের ন্যূনতম সীমার সঙ্গে পার্থক্য পূরণে অতিরিক্ত কর আরোপ হতে পারে। তবে প্রকৃত করের পরিমাণ নির্ধারণে মুনাফা, অনুমোদিত সমন্বয়, ছাড় এবং সংশ্লিষ্ট বিধিমালা বিবেচনা করা হবে।
অর্থাৎ এটি সব কোম্পানির জন্য নতুন করে সরাসরি ১৫ শতাংশ কর নয়; বরং নির্ধারিত যোগ্য বহুজাতিক প্রতিষ্ঠানের কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকলে ঘাটতি পূরণের ব্যবস্থা।
সৌদি আরবের নতুন সিদ্ধান্ত আন্তর্জাতিক করব্যবস্থায় বড় বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নির্ধারিত ন্যূনতম কর কাঠামোর অংশ।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর উদ্যোগে তৈরি বৈশ্বিক ন্যূনতম কর কাঠামো ‘পিলার টু’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ ব্যবস্থা চালু করছে দেশটি।
এর উদ্দেশ্য হলো, বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যেন বিভিন্ন দেশের করছাড় বা কম করের সুবিধা কাজে লাগিয়ে নিজেদের প্রকৃত করের পরিমাণ অতিরিক্ত কমিয়ে ফেলতে না পারে। একই সঙ্গে যে দেশে মুনাফা অর্জিত হচ্ছে, সেই দেশ যেন নির্ধারিত ন্যূনতম কর আদায়ের সুযোগ পায়, তা নিশ্চিত করা।
আরও পড়ুনঃ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আতঙ্কে বাসিন্দারা
সৌদি আরবে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনেক প্রবাসী ছোট দোকান, রেস্তোরাঁ, পরিবহন, নির্মাণ ও সেবামূলক ব্যবসার সঙ্গে যুক্ত। নতুন করব্যবস্থা নিয়ে তাঁদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে। তবে সাধারণ প্রবাসী উদ্যোক্তা বা ছোট ব্যবসাপ্রতিষ্ঠান শুধু সৌদিতে ব্যবসা করার কারণে এই ১৫ শতাংশ করের আওতায় আসবে না।
নতুন নিয়ম মূলত বড় আন্তর্জাতিক বহুজাতিক গোষ্ঠীর জন্য। কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নির্ধারিত বহুজাতিক গোষ্ঠীর অংশ কি না এবং সম্মিলিত আয়ের শর্ত পূরণ করছে কি না, তার ওপর কর প্রযোজ্য হওয়ার বিষয়টি নির্ভর করবে।
তবে যেসব প্রবাসী বড় বহুজাতিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন, পরিচালনার দায়িত্বে রয়েছেন অথবা এমন প্রতিষ্ঠানের সৌদি শাখায় কাজ করেন, তাঁদের প্রতিষ্ঠানের আর্থিক ও করসংক্রান্ত প্রভাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা জানা প্রয়োজন।
সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ নতুন করব্যবস্থার আওতায় পড়তে পারে এমন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা জানতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
এ জন্য জেডএটিসিএর ২৪ ঘণ্টা চালু থাকা ১৯৯৯৩ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া এক্সে (সাবেক টুইটার) @Zatca_care অ্যাকাউন্ট, info@zatca.gov.sa ই-মেইল এবং সংস্থাটির ওয়েবসাইটের সরাসরি কথোপকথন সেবার মাধ্যমেও তথ্য পাওয়া যাবে।
নতুন করব্যবস্থা কার্যকর হলে সৌদি আরবে কার্যক্রম পরিচালনাকারী বড় বহুজাতিক কোম্পানিগুলোর কর পরিকল্পনা ও আর্থিক হিসাবের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।
তবে সাধারণ স্থানীয় ব্যবসা ও ছোট উদ্যোক্তাদের জন্য এটি সরাসরি নতুন ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নয়।



