প্রবাসবাহরাইন

প্রবাসীদের সমস্যা শুনতে বাহরাইনে দূতাবাসের গণশুনানি

বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনতে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার মানামায় দূতাবাসের হলরুমে এ আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে সাধারণ প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শুনানিতে প্রবাসীরা দূতাবাসের সেবা ও কনস্যুলার কার্যক্রম নিয়ে তাঁদের নানা অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বিভিন্ন অভিযোগ ও পরামর্শও সরাসরি রাষ্ট্রদূতের কাছে জানান তাঁরা। পরে এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসীরা।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, প্রবাসীদের কাছ থেকে তাঁদের সমস্যাগুলো সরাসরি শোনার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এতে দূতাবাস বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে পারে এবং সেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হয়।

প্রবাসীদের পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে প্রবাসীদের কাজ ও আচরণের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা হয়। এ কারণে বাহরাইনের আইন মেনে চলার পাশাপাশি দেশের সুনাম ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

কোনো সমস্যায় পড়লে বিভ্রান্ত না হয়ে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বাহরাইনের প্রচলিত আইন-কানুন মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

গণশুনানিতে বাহরাইনে বৈধ কাগজপত্র নিয়ে অবস্থান এবং কর্মক্ষেত্রে স্থানীয় আইন ও নিয়মনীতি অনুসরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর বিষয়েও প্রবাসীদের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রদূত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button