জাতীয়প্রবাস

ইরা‌কের কুর্দিস্তানে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ও রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে আরোপিত জরিমানায় ৭৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। এ সুবিধা নিতে আগ্রহীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) অঞ্চলটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী, কুর্দিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে আদেশ নম্বর ৩২৫৫৭-এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত পূরণকারী বিদেশি নাগরিকদের বিলম্বজনিত জরিমানার ৭৫ শতাংশ মওকুফ করা হবে। ফলে তাঁদের মূল জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।

ঘোষণা অনুযায়ী, বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশের পর কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি বা ভিসাকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, এমন বিদেশি নাগরিকেরা এ সুবিধা পাবেন। পাশাপাশি যাঁদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাঁরাও নির্ধারিত শর্তে জরিমানায় ছাড়ের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নম্বর ১-এ উল্লেখ করা বিলম্বজনিত জরিমানার ওপর ছাড় কার্যকর হবে।

এ সুবিধা নিতে আগ্রহী বিদেশি নাগরিকদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁরা জরিমানায় ছাড় পাওয়ার সুযোগ নিতে পারবেন।

কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এ সিদ্ধান্ত স্বস্তির কারণ হতে পারে। বিশেষ করে যাঁদের ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছিল, তাঁরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জরিমানার ৭৫ শতাংশ মওকুফের সুযোগ পাবেন।

তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট রেসিডেন্সি অধিদপ্তরে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে প্রযোজ্য নিয়ম ও শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button