
গাজীপুরের কাশিমপুরে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দুপুর ২টার দিকে তাঁদের সেখানে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও এক বছর বয়সী শিশু মো. রহিম।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। আরিফা বেগমের শরীরের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ এবং ১৮ বছর বয়সী রোজিনার শরীরের ১ শতাংশের কম পুড়েছে। এ ছাড়া এক বছর বয়সী শিশু রহিমের শরীরেরও ১ শতাংশের কম পুড়ে গেছে। তাঁদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে দগ্ধ পাঁচজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণেও রাখা হয়েছে।



