বাহরাইনে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাহরাইনে ১০১ সদস্যের কমিটি পেল মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ

বাহরাইনে বসবাসরত মৌলভীবাজারের প্রবাসীদের সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানী মানামার কে সিটি পার্টি হলে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ আরিফ মিয়া ও দপ্তর সম্পাদক সুমন আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, মৌলা মিয়া, শামিম আহমেদ ওলি, আব্দুস ছাত্তার, মোহাম্মদ ছাদ, রানা, টিপু সুলতান, শেখ সিতু, সাইদুর রহমান সুহেল, অলক পাল, সানু মিয়া, আব্দুন নুর, আব্দুল বাছিত বাচ্ছু, গৌতম দেবনাথ, নুরুল ইসলাম, সামাদ হাসান, আলাউদ্দিন সংকর দাশ, সিরাজ, রাজু আহমেদ, নুরুল হক, রুজেল ও শওকত মিয়াসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা জানান, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে গত চার বছরে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ও ত্রাণ সহায়তা, বাহরাইনে অসুস্থ প্রবাসীদের দেশে ফেরার বিমান টিকিটের ব্যবস্থা এবং মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর মতো মানবিক কাজে প্রায় ৪০ লাখ টাকা অনুদান দিয়েছে সংগঠনটি।
আগামী দিনেও নিজ এলাকার উন্নয়ন এবং প্রবাসীসহ দেশের অসহায় মানুষের কল্যাণে এ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন আহ্বায়ক জসিম উদ্দিন।
নতুন কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সুরমান মিয়া। সাধারণ সম্পাদক হয়েছেন বিষ্ণু পদ দেব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।
সবশেষে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।



