বিদেশে গিয়ে প্রতারণার শিকার, দেশে ফিরে ক্ষতিপূরণেও হতাশ প্রবাসীরা
বিদেশে কর্মসংস্থানের আশায় বিপুল অর্থ ব্যয় করে প্রতারণা ও শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী কর্মীরা। চাকরির প্রতিশ্রুতি ভঙ্গ, চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া, বেতন আটকে রাখা কিংবা নির্যাতনের কারণে দেশে ফিরতে বাধ্য হওয়ার পর ক্ষতিপূরণ চেয়েও প্রকৃত ক্ষতির সামান্য অংশ ফিরে পাচ্ছেন তারা।
অভিবাসন ব্যয়ের বিপরীতে পুরুষ কর্মীরা গড়ে মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীরা ১২ শতাংশ ক্ষতিপূরণ পাচ্ছেন। ফলে প্রতারণার শিকার হয়েও ঋণ ও আর্থিক ক্ষতির বোঝা থেকে মুক্তি মিলছে না অনেকের।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘জাস্টিস বাই প্রসিডিউর? এ লিগ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল অডিট অব বিএমইটি আরবিট্রেশন ফর মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
গবেষণায় দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স আয় ৩০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছালেও বিদেশগামী কর্মীদের নিয়োগ ব্যয় ও প্রতারণার ঝুঁকি কমেনি।
বরং কর্মীদের গড়ে বিদেশে প্রায় ১৪ দশমিক ৬ মাসের আয়ের সমপরিমাণ অর্থ অভিবাসনের পেছনে ব্যয় করতে হচ্ছে। অতিরিক্ত নিয়োগ ব্যয়, চাকরির প্রতিশ্রুতি ভঙ্গ, চুক্তি নিয়ে প্রতারণা, মজুরি না পাওয়া এবং জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর মতো ঘটনা অনেক পরিবারকে ঋণের বোঝায় ফেলছে।
ওকাপের গবেষণায় ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি ব্যবস্থায় করা ৮৫টি অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। এসব অভিযোগকারীর মধ্যে ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারী কর্মী ছিলেন। তাদের প্রায় ৮৬ শতাংশ বৈধ প্রক্রিয়ায় সৌদি আরবে গিয়েছিলেন।
গবেষণা অনুযায়ী, পর্যালোচিত ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি বা ৬১ শতাংশ নিরীক্ষার সময় পর্যন্ত অনিষ্পন্ন ছিল। ২৮টি অভিযোগ নিষ্পত্তি হয় এবং ৫ টি অভিযোগের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াতেও নানা ধরনের জটিলতা পাওয়া গেছে। ৮৫ জন অভিযোগকারী আবেদন জমা দেওয়ার প্রাপ্তিস্বীকার রসিদ পেলেও ১০ জনের আবেদন দাপ্তরিক নথি থেকে হারিয়ে যায়।
বিশেষ করে জেলা পর্যায়ের জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ে (ডিইএমও) এ ধরনের ঘটনা ঘটেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়। ফলে সংশ্লিষ্ট কর্মীদের আবার নতুন করে আবেদন জমা দিতে হয়েছে।
এ ছাড়া প্রায় ৩০ শতাংশ অভিযোগকারী অভিযোগ জমা দেওয়ার সময় সক্রিয় বাধা বা অনীহার মুখে পড়েন। মাত্র ২২ শতাংশ লিখিতভাবে শুনানির নোটিশ পেয়েছেন।
৪৮ শতাংশকে টেলিফোনে জানানো হয়েছে এবং ৩০ শতাংশ কোনো নোটিশই পাননি। প্রায় ২৯ শতাংশ অভিযোগকারীকে কখনো শুনানিতে ডাকা হয়নি। অন্যদিকে, ৬৮ শতাংশ অভিযোগকারীকে শুনানির তারিখ জানতে দুই বা তার বেশি বার তাগাদা দিতে হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, নিয়ম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে শুনানির ব্যবস্থা করার কথা থাকলেও অনেক অভিযোগের প্রক্রিয়া শুরু হতে দীর্ঘ সময় লেগেছে। প্রায় ৪৪ শতাংশ অভিযোগের ক্ষেত্রে শুনানি শুরু হতে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে।
গবেষণার অন্যতম উদ্বেগজনক তথ্য হলো, প্রতারণার শিকার কর্মীরা ক্ষতিপূরণ পেলেও তা তাদের প্রকৃত আর্থিক ক্ষতির তুলনায় অনেক কম। পুরুষ কর্মীদের বিদেশ যেতে গড়ে প্রায় ৪ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় হয়েছে। অন্যদিকে, নারী কর্মীদের গড় অভিবাসন ব্যয় ছিল ৩১ হাজার ৯০০ টাকা।
কিন্তু বিএমইটির সালিশি প্রক্রিয়ায় পাওয়া ক্ষতিপূরণ পুরুষ কর্মীদের অভিবাসন ব্যয়ের গড়ে মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীদের ক্ষেত্রে ১২ শতাংশ পূরণ করতে পেরেছে।
নিষ্পত্তি হওয়া অভিযোগগুলোর অর্ধেক ক্ষেত্রে কর্মীরা ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন। নারী কর্মীদের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ ৩০ হাজার টাকার কম ক্ষতিপূরণ পেয়েছেন বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য ধারদেনা করে বিপুল অর্থ ব্যয় করার পর প্রতারণার শিকার হলে ক্ষতিপূরণ পেলেও বড় অঙ্কের আর্থিক ক্ষতি থেকেই যাচ্ছে।
গবেষণায় ক্ষতিপূরণ নির্ধারণে নির্দিষ্ট মানদণ্ডের অভাব, কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে দর-কষাকষির অসম ক্ষমতা এবং ক্ষতিপূরণের অর্থ যথাযথভাবে পরিশোধ হচ্ছে কি না, তা যাচাইয়ের দুর্বলতাকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: সৌদিতে আকামা সংকটে অসহায় প্রবাসীদের টার্গেট করছে দালালচক্র!
ওকাপের গবেষণা বলছে, কর্মীদের ওপর শোষণ ও প্রতারণা অনেক সময় গন্তব্য দেশে পৌঁছানোর আগেই শুরু হয়। পর্যালোচিত অভিযোগগুলোর মধ্যে ৯১ শতাংশ কর্মী জানিয়েছেন, বিদেশে যাওয়ার আগে তারা কোনো লিখিত চাকরির চুক্তিপত্র পাননি। পুরুষ কর্মীদের অর্ধেক বলেছেন, গন্তব্য দেশে পৌঁছে তারা প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি পাননি।
সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের তুলনায়ও অনেক বেশি অর্থ দিতে হয়েছে কর্মীদের। মালয়েশিয়াগামী কর্মীদের ক্ষেত্রে নিয়োগ ব্যয় নির্ধারিত হারের ৫ দশমিক ৮ গুণ এবং সৌদি আরবগামী কর্মীদের ক্ষেত্রে ২ দশমিক ৮ গুণ ছিল।
চাকরির ধরন, বেতন, কর্মঘণ্টা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর বিদেশে গিয়ে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
অনেক পুরুষ কর্মী চাকরি-সংক্রান্ত প্রতারণা, লিখিত চুক্তির অনুপস্থিতি, ওয়ার্ক পারমিট না পাওয়া এবং বেতন শোষণের শিকার হয়েছেন।
সামগ্রিকভাবে গবেষণায় অংশ নেওয়া কর্মীদের ৪০ শতাংশ বিদেশ যাওয়ার ৬ মাসের মধ্যেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দেশে ফিরে এসেছেন। এতে তাদের অভিবাসনের পেছনে ব্যয় করা অর্থের বড় অংশ লোকসান হয়েছে এবং অনেক পরিবার ঋণের চাপে পড়েছে।
গবেষণায় নারী অভিবাসী কর্মীদের পরিস্থিতি আরও উদ্বেগজনক হিসেবে উঠে এসেছে। গন্তব্য দেশে গিয়ে নারী উত্তরদাতাদের সবাই মজুরি শোষণের শিকার হওয়ার কথা জানিয়েছেন।
তাদের মধ্যে ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার এবং ৭৭ শতাংশ শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন।
অন্যদিকে, পুরুষ কর্মীদের ক্ষেত্রে চাকরি না পাওয়া, প্রতিশ্রুত কাজের সঙ্গে বাস্তব কাজের অমিল, লিখিত চুক্তি না থাকা, ওয়ার্ক পারমিট না পাওয়া এবং বেতন আটকে রাখার অভিযোগ বেশি দেখা গেছে।
গবেষণার এসব তথ্য ইঙ্গিত করে, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, কর্মীদের অধিকার সুরক্ষা এবং প্রতারণার ঘটনায় কার্যকর প্রতিকার নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।
ওকাপের গবেষণায় বলা হয়েছে, বিএমইটির বিদ্যমান সালিশি ব্যবস্থা অনেক ক্ষেত্রে অভিযোগের প্রকৃত ঘটনা তদন্তের পরিবর্তে কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতার ওপর নির্ভর করছে।
ফলে নিয়োগকারী প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করলে বা অননুমোদিত মধ্যস্বত্বভোগী জড়িত থাকলে দায় নির্ধারণ কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া অনেক কর্মীর কাছে নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। অথচ বিদেশে যাওয়ার আগে যে চুক্তিপত্র বা অন্যান্য নথি দেওয়ার কথা, সেগুলো না পাওয়ার কারণেই পরবর্তী সময়ে অভিযোগ প্রমাণ করতে গিয়ে তারা সমস্যায় পড়েন।
অভিযোগের শুনানিতে নিয়োগকারী প্রতিষ্ঠান অনুপস্থিত থাকলেও অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে, আর্থিকভাবে দুর্বল কর্মীদের বারবার অফিসে যাতায়াত, শুনানির তারিখের জন্য অপেক্ষা এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এতে তাদের সময় ও অর্থ দুটিই ব্যয় হয়।
গবেষণায় আরও বলা হয়েছে, ৮৫টি অভিযোগের কোনো কোনোটিতে আবেদন জমা দেওয়ার প্রমাণ থাকার পরও নথি খুঁজে পাওয়া যায়নি। এ ধরনের দুর্বলতা অভিযোগ নিষ্পত্তির ওপর কর্মীদের আস্থা কমিয়ে দিতে পারে।
বিদ্যমান অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থায় কার্যকারিতা বাড়াতে গবেষণায় ৫ টি পরস্পর-সম্পর্কিত সংস্কারের সুপারিশ করেছে ওকাপ। এর মধ্যে তাৎক্ষণিকভাবে বিএমইটির অভিযোগ ব্যবস্থাপনায় প্রক্রিয়াগত পরিবর্তন আনার কথা বলা হয়েছে। তদন্ত ও মধ্যস্থতাকে আলাদা করা, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, সমন্বিত অভিযোগ অনুসরণ ব্যবস্থা এবং ক্ষতির পরিমাণ নিরূপণে মানসম্মত কাঠামো চালুর সুপারিশ করা হয়েছে।
স্বল্পমেয়াদে প্রশিক্ষিত জনবল, সুস্পষ্ট দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন মাধ্যমে অভিযোগ গ্রহণের সুবিধাসহ বিএমইটির অধীনে একটি পৃথক আরবিট্রেশন উইং গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
মধ্যমেয়াদে বাধ্যতামূলক সালিশি ব্যবস্থা কার্যকর করতে আইনগত সংস্কারের অংশ হিসেবে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ৪১ ধারা সংশোধনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যপদ্ধতিকে আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কথা বলা হয়েছে।
দীর্ঘমেয়াদে স্বাধীন ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার্স জাস্টিস ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান জানিয়েছে ওকাপ। এই ট্রাইব্যুনালের অভিযোগের দায় নির্ধারণ, ক্ষতিপূরণের আদেশ দেওয়া এবং সেই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতা থাকার প্রস্তাব করা হয়েছে।
গবেষণার ফলাফল উপস্থাপন করে ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়কাল জুড়ে পরিচালিত এই গবেষণায় বিএমইটির আরবিট্রেশন ন্যায্য, সময়োপযোগী ও নিরপেক্ষ ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম কিনা, তা যাচাই করা হয়েছে।
মিশ্র ও কেসভিত্তিক পদ্ধতি ব্যবহার করে গবেষণায় ৮৫টি অভিযোগের নথি পর্যালোচনা, ২০টি গভীর কেস স্টাডি, ১২ জন অংশগ্রহণকারীর সঙ্গে দুটি ফোকাস গ্রুপ আলোচনা, ডেমো ও বিএমইটি কর্মকর্তাদের সঙ্গে চারটি মূল তথ্যদাতা সাক্ষাৎকার এবং নাগরিক সমাজের ২৩ জন প্রতিনিধি ও আইন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা হয়।’
তিনি আরও বলেন, ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার কেবল একটি বিরোধ নিষ্পত্তি সেবা নয়। এটি কর্মীদের ক্ষতি পুনরুদ্ধার, নিয়োগ-সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা এবং শ্রম অভিবাসনের টেকসইতা নিশ্চিত করার রাষ্ট্রীয় দায়িত্ব।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক বলেন, ‘আপনাদের অনেকগুলো সুপারিশ নিশ্চিতভাবেই আমরা গ্রহণ করতে পারব বলে মনে করছি, যেমন স্বতন্ত্র আরবিট্রেশন উইং।
প্রস্তাবিত লস অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স (ক্ষতি নিরূপণ কাঠামো) চমৎকার ধারণা। সরকার এ বিষয়ে এগোবে। এ নিয়ে আরও আলোচনা ও অ্যাডভোকেসি প্রয়োজন। ওইপি ব্যবস্থায় ইতিমধ্যে একটি নতুন অভিযোগ ব্যবস্থাপনা মডিউল যুক্ত হয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) মো. মাসুদ রানা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের হেড অব প্রোটেকশন সাদিয়া আলীম, ক্যাথলিক এজেন্সি ফর ওভারসিজ ডেভেলপমেন্টের প্রোগ্রাম অফিসার ফিলিপ টালম্যান, কারিতাস ফিনল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপদেষ্টা ইরিফা সুলতানা এবং মানবাধিকারকর্মী শিপা হাফিজা প্রমুখ।
বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন প্রবাসী কর্মীরা। কিন্তু নিয়োগের শুরু থেকে বিদেশে কাজ করা এবং দেশে ফিরে ক্ষতিপূরণ চাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে তাদের অধিকার সুরক্ষিত না হলে অভিবাসনের প্রত্যাশিত সুফল বাধাগ্রস্ত হবে।
ওকাপের গবেষণা বলছে, শুধু অভিযোগ গ্রহণ ও সমঝোতা করলেই ন্যায়বিচার নিশ্চিত হয় না; প্রতারণার তদন্ত, প্রকৃত ক্ষতির মূল্যায়ন এবং ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থাও প্রয়োজন।




একটি মন্তব্য