
বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জার্মানি ইউরোপে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য। এ প্রেক্ষাপটে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতিমালা তুলে ধরেন এবং জার্মান বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন তিনি।
জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং কাঠামোগত অভিবাসন ও জনশক্তির চলাচল নিয়েও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়েও জার্মান পক্ষকে অবহিত করেন তিনি। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি, নারী কর্মসংস্থান, শিক্ষা, জলবায়ু কার্যক্রম, সৌরশক্তির মতো পরিবেশবান্ধব জ্বালানির প্রসার এবং পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর বিষয়গুলো উঠে আসে।
বৈঠকে দুই দেশের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। চলমান সহযোগিতাকে আরও এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়।
রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পায়। রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জার্মানি। এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায় ও পরবর্তী পদক্ষেপ এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হান বাংলাদেশকে এ অঞ্চলের নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, স্থিতিশীলতা ও উন্নয়নে জার্মানির সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।



