
স্কুল, অফিস কিংবা বাইরে যাওয়ার সময় খাবার বহনের জন্য লাঞ্চবক্স ব্যবহার করেন অনেকেই। স্টেইনলেস স্টিল, কাচ কিংবা প্লাস্টিকের তৈরি বিভিন্ন ধরনের লাঞ্চবক্স বাজারে পাওয়া যায়। স্টিলের পাত্র টেকসই হওয়ায় জনপ্রিয়, কাচের পাত্র লিকপ্রুফ নকশার জন্য অনেকের পছন্দ। আর প্লাস্টিকের লাঞ্চবক্স হালকা হওয়ায় শিশুদের জন্য বেশ সুবিধাজনক।
তবে যে ধরনের লাঞ্চবক্সই ব্যবহার করা হোক না কেন, খাবারের অবশিষ্টাংশ, তেল বা আর্দ্রতা জমে থাকলে সেখানে ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করতে পারে। শুধু পানি দিয়ে হালকা করে ধুয়ে নিলে চোখে দেখা ময়লা দূর হলেও দাগ, দুর্গন্ধ ও জীবাণু পুরোপুরি দূর নাও হতে পারে। তাই নিয়মিত লাঞ্চবক্স ভালোভাবে পরিষ্কার করা জরুরি। কয়েকটি সহজ উপায়ে কাজটি করা যায়।
১. ব্যবহারের পর দ্রুত ধুয়ে ফেলুন
লাঞ্চবক্সে খাবার দীর্ঘ সময় রেখে দেওয়া ঠিক নয়। খাবারের অংশ শুকিয়ে গেলে পরে তা পরিষ্কার করা কঠিন হয় এবং পাত্রে দাগ ও দুর্গন্ধও তৈরি হতে পারে। তাই খাবার খাওয়ার পর যত দ্রুত সম্ভব বক্সটি খালি করে গরম পানি ও ডিশ সোপ দিয়ে ধুয়ে ফেলুন।
২. দুর্গন্ধে ব্যবহার করুন বেকিং সোডা
লাঞ্চবক্সে খাবারের গন্ধ থেকে গেলে বেকিং সোডা কাজে লাগাতে পারেন। পাত্রের ভেতরে অল্প পরিমাণ বেকিং সোডা ছড়িয়ে তাতে গরম পানি দিন। এরপর ১৫ থেকে ২০ মিনিট রেখে ভালোভাবে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। প্লাস্টিকের পাশাপাশি স্টেইনলেস স্টিল ও কাচের পাত্রেও এই পদ্ধতি ব্যবহার করা যায়।
৩. ঢাকনা ও সিল পরিষ্কার করতে ভুলবেন না
লাঞ্চবক্স পরিষ্কার করার সময় শুধু মূল পাত্রটির দিকে নজর দিলেই হবে না। ঢাকনার কোণা, বিভিন্ন খাঁজ এবং সিলিকনের সিলে খাবারের ছোট ছোট অংশ আটকে থাকতে পারে। এসব জায়গা পরিষ্কার করতে ছোট ব্রাশ বা পুরোনো টুথব্রাশ ব্যবহার করা যেতে পারে।
৪. প্লাস্টিকের বক্সে গরম পানি ব্যবহার করুন
প্লাস্টিকের পাত্রে খাবারের গন্ধ সহজেই থেকে যেতে পারে। বিশেষ করে সস, তরকারি ও বিভিন্ন মসলাযুক্ত খাবার থেকে দাগও পড়তে পারে। প্রতিবার ব্যবহারের পর গরম পানি ও ডিশওয়াশার দিয়ে পাত্রটি পরিষ্কার করুন। দাগ সহজে না উঠলে বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের জায়গায় লাগিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করতে পারেন।
৫. দুর্গন্ধ দূর করতে ভিনেগার
লাঞ্চবক্সে গন্ধ থেকে গেলে গরম পানি ও সাদা ভিনেগারের মিশ্রণ ব্যবহার করা যায়। পাত্রটি এই দ্রবণে প্রায় ২০ মিনিট ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর বক্সটি সংরক্ষণ করার আগে পুরোপুরি শুকিয়ে নেওয়া জরুরি। পানির দাগ এড়াতে পরিষ্কার কাপড় দিয়েও মুছে নেওয়া যায়।
লাঞ্চবক্স পরিষ্কার রাখার বিষয়টি খাবার নিরাপদ রাখার মতোই গুরুত্বপূর্ণ। প্লাস্টিক, স্টেইনলেস স্টিল কিংবা কাচের পাত্র, যেটিই ব্যবহার করা হোক না কেন, নিয়মিত ভালোভাবে পরিষ্কার করলে দাগ, দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া জমার ঝুঁকি কমানো যায়। প্রতিদিন পরিষ্কারের জন্য কয়েক মিনিট বাড়তি সময় দিলেই লাঞ্চবক্স দীর্ঘদিন সতেজ ও ব্যবহারের উপযোগী রাখা সম্ভব।



