World

এশিয়ার জন্য তেলের দামে বিরাট ছাড় সৌদি আরবের

এশিয়ার বাজারে নভেম্বরে সরবরাহের জন্য অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ার ক্রেতাদের জন্য প্রধান গ্রেডের তেলের দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। সোমবার ৫ অক্টোবর প্রকাশিত কোম্পানিটির মূল্য নির্ধারণসংক্রান্ত নথিতে এ তথ্য জানানো হয়েছে।

নভেম্বরে এশিয়ার বাজারের জন্য সৌদি আরবের প্রধান গ্রেড আরব লাইট অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে প্রতি ব্যারেলে ৫ ডলার কম রাখা হয়েছে। অক্টোবরে এই ব্যবধান ছিল ২ ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে এশিয়ার জন্য তেলের দামে ছাড় ৩ ডলার বেড়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুনের পর এশিয়ার বাজারের জন্য সৌদি তেলে এটিই সবচেয়ে বড় মূল্যছাড়।

এর আগে ধারণা করা হয়েছিল, নভেম্বরে এশিয়ার জন্য সৌদি আরবের তেলের দাম বাড়তে পারে। রয়টার্সের এক জরিপে বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, নভেম্বরের সরকারি বিক্রয়মূল্য প্রতি ব্যারেলে সর্বোচ্চ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য বেঞ্চমার্ক তেলের দাম বাড়ায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছিল।

তবে সেই পূর্বাভাসের বিপরীতে এশিয়ার বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরামকো। আরব লাইটের পাশাপাশি ভারী গ্রেডের আরব মিডিয়াম ও আরব হেভি অপরিশোধিত তেলের দামও এশিয়ার ক্রেতাদের জন্য প্রতি ব্যারেলে ৫ ডলার কমিয়েছে কোম্পানিটি।

এশিয়ার কয়েকটি শোধনাগারের সূত্র জানিয়েছে, তেল পরিবহনের ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে এই মূল্যছাড় দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে তেল পরিবহনের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর প্রভাব পড়েছে তেলবাহী জাহাজের ভাড়াতেও। চীনের উদ্দেশে উপসাগরীয় অঞ্চল থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে সক্ষম বিশাল আকারের তেলবাহী জাহাজের দৈনিক ভাড়া গত শুক্রবার ১২ লাখ ডলারে উঠে যায়। এক বছর আগে একই ধরনের জাহাজের দৈনিক ভাড়া ছিল প্রায় ৮০ হাজার ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে তেল পরিবহনের জাহাজের ভাড়া কয়েক গুণ বেড়েছে। এই বাড়তি পরিবহন ব্যয়ের চাপ কমাতেই তেলের দামে ছাড় দিয়ে এশিয়ার ক্রেতাদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সৌদি আরামকো।

তবে এশিয়ার বাজারে দাম কমালেও উত্তর-পশ্চিম ইউরোপের ক্রেতাদের জন্য নভেম্বরে অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে সৌদি আরামকো। ওই অঞ্চলের বাজারে সব ধরনের অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য প্রতি ব্যারেলে ৩ ডলার বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button