অন্য খবর

ইলন মাস্কের বিজ্ঞাপন স্থায়ীভাবে নিষিদ্ধ করল টিকটক

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’-এর বিজ্ঞাপন প্রচারের অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে টিকটক। রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি। এ বিষয়ে টিকটকের আনুষ্ঠানিক বক্তব্য জানতে যোগাযোগ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।

দ্য হলিউড রিপোর্টারের বরাতে টেকক্রাঞ্চ জানিয়েছে, তথ্যচিত্রটির পরিবেশক ব্লিকার স্ট্রিটকে সম্প্রতি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্তের কথা জানায় টিকটক। অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত তথ্যচিত্রটিতে ইলন মাস্কের জীবন ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

এর আগে তথ্যচিত্রটির প্রচারমূলক ঝলকের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিল মেটা ও ইউটিউব। তবে পরে দুই প্ল্যাটফর্মই বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়। মেটা জানিয়েছিল, তাদের প্রাথমিক সিদ্ধান্তটি ভুলবশত নেওয়া হয়েছিল।

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও তথ্যচিত্রটির বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের মালিকানায় আংশিক অংশীদারত্ব রয়েছে ল্যারি এলিসনের প্রতিষ্ঠানের। এলিসন ও মাস্ক দুজনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্লেখযোগ্য সমর্থক হিসেবে পরিচিত।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মাত্র চারটি প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটি মুক্তি পায়। পরে আরও বিস্তৃত পরিসরে এর প্রদর্শন শুরু হয়েছে। আগামী বছর এইচবিওতে তথ্যচিত্রটি দেখার সুযোগ তৈরি হওয়ার কথা রয়েছে। এইচবিও বর্তমানে প্যারামাউন্ট-স্কাইড্যান্সের অংশ। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিষয়বস্তু ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিতর্কের মধ্যে তথ্যচিত্রটির প্রচারে একাধিক প্ল্যাটফর্মের বাধা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিজ্ঞাপন প্রত্যাখ্যান বা নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রতিটি প্ল্যাটফর্ম ঠিক কোন নীতিমালা প্রয়োগ করেছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button