গ্রিস যাওয়ার পথে সাগরে মৃত্যুর মুখে ৬৫ বাংলাদেশি, শেষ পর্যন্ত ঠাঁই মিশরের কারাগারে!
ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে গ্রিসের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন ৬৫ বাংলাদেশি। কিন্তু তাঁদের সেই যাত্রা শেষ পর্যন্ত রূপ নেয় জীবন-মৃত্যুর লড়াইয়ে।
ভূমধ্যসাগরে নৌকার জ্বালানি ফুরিয়ে যাওয়া, ছিদ্র দিয়ে পানি ঢোকা এবং উত্তাল ঢেউয়ের মধ্যে প্রায় ২৪ ঘণ্টা কাটানোর পর একটি বাণিজ্যিক জাহাজ তাঁদের উদ্ধার করে। তবে সাগরে প্রাণে বাঁচলেও এখন মিশরের দামিয়াত কারাগারে বন্দিজীবন কাটছে তাঁদের।
সোমবার (৯ নভেম্বর) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর ৬৫ বাংলাদেশি ও দক্ষিণ সুদানের ৪ নাগরিকসহ মোট ৬৯ জন একটি রাবারের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। ১১ অক্টোবর গভীর সাগরে তাঁদের নৌকার জ্বালানি শেষ হয়ে যায়। এতে তাঁরা মাঝসমুদ্রে আটকা পড়েন।
পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে নৌকায় ছিদ্র দেখা দেওয়ার পর। সেই ছিদ্র দিয়ে পানি ঢুকতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেকোনো মুহূর্তে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
প্রায় ২৪ ঘণ্টা বিপজ্জনক অবস্থায় সাগরে ভেসে থাকার পর ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাঁদের উদ্ধার করে। পরে ১৩ অক্টোবর তাঁদের মিশরের দামিয়াত বন্দরে নিয়ে যাওয়া হয়।
আটক বাংলাদেশিদের অভিযোগ, ইউরোপে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা তাঁদের লিবিয়ার বিভিন্ন স্থানে অমানবিক পরিবেশে আটকে রেখেছিল। পরে প্রায় ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন একটি ছোট রাবারের নৌকায় গাদাগাদি করে ৬৯ জনকে তুলে দেওয়া হয়।
উন্নত জীবনের আশায় তাঁদের অনেকেই জমিজমা ও বসতবাড়ি বিক্রি করে দালালদের হাতে বিপুল পরিমাণ অর্থ তুলে দিয়েছিলেন। কিন্তু ইউরোপে পৌঁছানোর আগেই তাঁদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে।
বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব গত ৫ নভেম্বর দামিয়াত কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থাও করা হয়।
আরও পড়ুনঃ ওমানে বেতন কাটার খবরে আতঙ্কিত প্রবাসীরা
আটকদের আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়া এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।
এ ছাড়া তাঁদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বিমান টিকিটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদ ও বৈধ অভিবাসনপথ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উন্নত জীবনের আশায় পরিবার-পরিজন ছেড়ে বিদেশের পথে পা বাড়ানো ৬৫ বাংলাদেশির এখন একটাই অপেক্ষা—কবে তাঁরা কারামুক্ত হয়ে দেশে ফিরতে পারবেন, আবার দেখা হবে স্বজনদের সঙ্গে।




একটি মন্তব্য