প্রবাস

ব্রুনেইয়ে বাংলাদেশি শ্রমিকের সঙ্গে প্রতারণা, ৫ বছরের জেলের সঙ্গে ৬ বেত্রাঘাতও বহাল!

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ে তিন বাংলাদেশি শ্রমিককে মানবপাচার ও জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার দায়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশি ব্যবসায়ী মাহেদি হাসানের ৫ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন দেশটির আপিল আদালত। একই সঙ্গে তার ৫০ হাজার ব্রুনেই ডলার জরিমানা এবং ৬ বেত্রাঘাতের সাজাও বহাল রাখা হয়েছে।

রোববার ব্রুনেইভিত্তিক আইনবিষয়ক সংবাদ ও তথ্য প্ল্যাটফর্ম ‘লেক্সব্রু’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার মাহেদি হাসানের করা আপিল খারিজ করে দেন দেশটির আপিল আদালতের ৩ বিচারপতির বেঞ্চ।

প্রধান বিচারপতি স্টিভেন চংয়ের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন মাইকেল লুন ও এডওয়ার্ড টিমোথি স্টারবাক উললি। গত ২৭ অক্টোবর মামলাটির আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

মাহেদি হাসানের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে তিন বাংলাদেশিকে ব্রুনেইয়ে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যান তিনি।

সেখানে পৌঁছানোর পর তাদের প্রতিশ্রুত কাজ না দিয়ে কম বেতনের নির্মাণকাজ ও অন্যান্য শ্রমসাধ্য কাজে নিয়োজিত করা হয়। তাদের মধ্যে কাউকে কোনো কাজও দেওয়া হয়নি।

অভিযোগ অনুযায়ী, শ্রমিকদের প্লাম্বার, নিরাপত্তাকর্মী, ওয়েটার ও ওয়ার্কশপ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল। এ জন্য মাসিক ৬০০ থেকে ৮৭৫ ব্রুনেই ডলার পর্যন্ত বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দেশটিতে যাওয়ার পর বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

এ ছাড়া মাহেদি ওই ৩ শ্রমিকের পাসপোর্ট নিজের কাছে রেখে দেন বলে অভিযোগ রয়েছে। পাসপোর্ট ফেরত দেওয়া ও কাজের সুযোগ দেওয়ার পরিবর্তে তাদের কাছ থেকে প্রতি মাসে ৫০ থেকে ১০০ ব্রুনেই ডলার দাবি করা হতো।

টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা কিংবা দেশে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়।

এসব ঘটনায় মাহেদি হাসান তিনটি মানবপাচার-সংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করেন। ২০২৫ সালের ৬ নভেম্বর ব্রুনেইয়ের হাইকোর্ট তাকে ৩ টি অভিযোগেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

প্রথম দুটি অভিযোগের প্রতিটিতে ৪ বছর করে কারাদণ্ড, ২০ হাজার ব্রুনেই ডলার জরিমানা এবং জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত ২০ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। প্রতিটি অভিযোগে দুইবার করে বেত্রাঘাতের নির্দেশও দেওয়া হয়।

তৃতীয় অভিযোগে ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার ব্রুনেই ডলার জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১০ মাসের কারাদণ্ড এবং দুইবার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, কারাদণ্ডের মেয়াদগুলো একইসঙ্গে কার্যকর হওয়ার কথা থাকলেও তৃতীয় অভিযোগের সাজা থেকে শেষ এক বছর অতিরিক্ত হিসেবে ভোগ করতে হবে মাহেদিকে।

ফলে সব মিলিয়ে তার কারাদণ্ডের মেয়াদ দাঁড়ায় ৫ বছর। ৩ টি অভিযোগে মোট জরিমানা ৫০ হাজার ব্রুনেই ডলার এবং বেত্রাঘাতের সংখ্যা ছয়। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও ৫০ মাস কারাভোগ করতে হবে।

আরও পড়ুনঃ গ্রিস যাওয়ার পথে সাগরে মৃত্যুর মুখে ৬৫ বাংলাদেশি, শেষ পর্যন্ত ঠাঁই মিশরের কারাগারে!

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে মাহেদি জরিমানার পরিমাণ, কারাদণ্ডের অতিরিক্ত এক বছর এবং বেত্রাঘাতের সাজা কমানোর আবেদন জানান। এ ছাড়া মামলার বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বিষয়টিও সাজা কমানোর পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেন।

তবে আপিল আদালত তার কোনো যুক্তিই গ্রহণ করেননি। আদালত জানান, হাইকোর্টে সাজা ঘোষণার সময় মাহেদির পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন। সে সময় তার সাজা কমানোর পক্ষে লিখিত ও মৌখিক বক্তব্যও উপস্থাপন করা হয়েছিল।

বিচারপ্রক্রিয়ায় বিলম্বের অভিযোগের বিষয়ে আপিল আদালত বলেন, অপরাধগুলো ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে সংঘটিত হলেও ভুক্তভোগীরা ২০২১ সালে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

পরে ২০২৩ সালের অক্টোবরে মাহেদিকে শনাক্ত করা হয় এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

আপিলের শুনানিতে মাহেদি হাসানের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন মোহাম্মদ দাউদ হাজি ইসমাইল ও শেখ আহমাদ ওয়ায়েজ শেখ ওবাইদ।

রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিতি মুয়িজ্জাহ হাজি সাবলি ও সিয়াজওয়ানি জুমাত।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button