ইউরোপে কাজের স্বপ্ন দেখা বাংলাদেশিদের কাছে ইতালি অন্যতম আকর্ষণীয় একটি গন্তব্য। দেশটিতে বৈধভাবে চাকরি নিয়ে যাওয়ার একটি পরিচিত পথ হলো নিয়োগকর্তার মাধ্যমে কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’ (Nulla Osta) সংগ্রহ করে ওয়ার্ক ভিসার আবেদন করা। বাংলাদেশে অনেকেই এ প্রক্রিয়াকে ‘স্পন্সর ভিসা’ বলে থাকেন।
তবে শুধু কোনো ব্যক্তি বা কোম্পানি স্পন্সর করলেই ইতালির ভিসা পাওয়া যায় না। এর জন্য ইতালির নিয়োগকর্তাকে দেশটির নির্ধারিত অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করে কর্মী নিয়োগের অনুমতি নিতে হয়।
এরপর সেই অনুমতির ভিত্তিতে বাংলাদেশে অবস্থিত ইতালি ভিসা আবেদনকেন্দ্রের মাধ্যমে কর্মীকে ভিসার আবেদন করতে হয়।
২০২৬ সালের জন্য ইতালি সরকার বিদেশি কর্মীদের মোট ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি প্রবেশের কোটা নির্ধারণ করেছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০টি অমৌসুমি চাকরির জন্য, ৮৮ হাজারটি মৌসুমি কাজের জন্য এবং ৬৫০টি স্বনিয়োজিত কাজের জন্য বরাদ্দ। তবে এসব কোটায় আবেদন ও অনুমোদন সংশ্লিষ্ট শর্ত এবং কোটা খালি থাকার ওপর নির্ভরশীল।
ইতালির স্পন্সর ভিসা কী?
ইতালির স্পন্সর ভিসা বলতে সাধারণত নিয়োগকর্তার মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে বোঝানো হয়। ইতালির কোনো বৈধ নিয়োগকর্তা বিদেশ থেকে কর্মী নিতে চাইলে প্রথমে দেশটির সংশ্লিষ্ট অভিবাসন দপ্তরে ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতিপত্রের আবেদন করেন।
ইতালির অভিবাসন দপ্তর অনুমোদন দিলে নিয়োগকর্তা নুল্লা ওস্তা পান। এরপর কর্মী বাংলাদেশ থেকে দীর্ঘমেয়াদি কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন।
ইতালির সরকারি অভিবাসনবিষয়ক তথ্য অনুযায়ী, সাধারণত নিয়োগকর্তাই বিদেশি কর্মীর জন্য নুল্লা ওস্তার আবেদন করেন। কর্মীর হাতে এই অনুমতিপত্র বা এর অনুমোদনের প্রমাণ না থাকলে সাধারণ কর্মভিসার আবেদন করা যায় না।ইতালির ২০২৬-২০২৮ সালের কর্মী প্রবেশ পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে বিভিন্ন খাতে বিদেশি কর্মী নেওয়ার জন্য কোটা নির্ধারণ করা হয়েছে।
- অমৌসুমি চাকরি: ৭৬ হাজার ২০০ জন
- মৌসুমি চাকরি: ৮৮ হাজার জন
- স্বনিয়োজিত কাজ: ৬৫০ জন
২০২৬ সালের নির্ধারিত ‘ক্লিক ডে’ বা আবেদন জমা দেওয়ার বিশেষ তারিখগুলো ছিল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। তবে ইতালির সরকারি অভিবাসন পোর্টালের তথ্য অনুযায়ী, কোটা খালি থাকা সাপেক্ষে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে। এই আবেদন করেন ইতালির নিয়োগকর্তা, কর্মী নিজে নন।
বাংলাদেশ থেকে ইতালির কাজের ভিসায় যেসব কাগজপত্র লাগবে
বাংলাদেশে ইতালির দীর্ঘমেয়াদি কাজের ভিসার জন্য ভিএফএস গ্লোবালের প্রকাশিত চেকলিস্টে কয়েকটি গুরুত্বপূর্ণ নথির কথা উল্লেখ রয়েছে।
১. ইতালির দীর্ঘমেয়াদি কাজের ভিসার জন্য নির্ধারিত ‘D’ ক্যাটাগরির আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমটি ইংরেজি অথবা ইতালীয় ভাষায় পূরণ করে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে।
২. আবেদনের সঙ্গে দুটি সাম্প্রতিক ও একই ধরনের ছবি জমা দিতে হবে। ছবির মাপ ৪ × ৩.৫ সেন্টিমিটার, ব্যাকগ্রাউন্ড সাদা এবং ছবি গত ছয় মাসের মধ্যে তোলা হতে হবে।
৩. আবেদনকারীর বৈধ পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্টের তথ্যসংবলিত পাতার একটি ফটোকপিও প্রয়োজন। ভিএফএসের প্রকাশিত চেকলিস্ট অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অন্তত তিন মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং কমপক্ষে দুটি খালি ভিসা পৃষ্ঠা থাকতে হবে।
৪. এটি কাজের ভিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। ইতালির সংশ্লিষ্ট অভিবাসন দপ্তর থেকে নিয়োগকর্তার কাছে নুল্লা ওস্তা অনুমোদনের যে যোগাযোগ বা বিজ্ঞপ্তি পাঠানো হয়, তার কপি জমা দিতে হবে।
এই নথিতে আবেদনকারীর নাম, পদবি, লিঙ্গ ও জন্মতারিখ সঠিক আছে কি না, তা ভালোভাবে যাচাই করতে হবে। তথ্যে ভুল থাকলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে।
৫. ইতালিতে যে পেশায় কাজ করতে যাবেন, সেই খাতের কাজের অভিজ্ঞতা বা পেশাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হতে পারে। যেমন আগের চাকরির অভিজ্ঞতার সনদ, প্রশিক্ষণের সনদ বা সংশ্লিষ্ট পেশাগত যোগ্যতার কাগজপত্র।
এ ছাড়া দূতাবাস প্রয়োজন মনে করলে অতিরিক্ত নথিও চাইতে পারে।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে বৈধভাবে কাজের ভিসা পাওয়া সহজ?
নুল্লা ওস্তা অনুমোদন পেলেই সরাসরি ইতালি যাওয়া যায় না। এরপর কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়।
১. ইতালির নিয়োগকর্তার কাছ থেকে নুল্লা ওস্তা অনুমোদনের তথ্য সংগ্রহ করতে হবে।
২. অনুমতিপত্রে নিজের নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য যাচাই করতে হবে।
৩. বাংলাদেশে ইতালির কাজের ভিসার জন্য নির্ধারিত ভিএফএস গ্লোবালের ওয়েবফর্মে আবেদনপ্রক্রিয়া শুরু করতে হবে।
৪. নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
৫. দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই শেষে ভিসার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
বাংলাদেশে ইতালির দূতাবাসের তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর ২০২৪-এর পর ইস্যু করা বৈধ নুল্লা ওস্তা নিয়ে আবেদনকারীরা নির্ধারিত ওয়েবফর্ম পোর্টালের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া শুরু করতে পারেন। সফলভাবে নিবন্ধন করলে নুল্লা ওস্তার মেয়াদ শেষ হওয়ার বিষয়টি স্থগিত থাকে।
ইতালির আইন অনুযায়ী, কাজের ভিসার আবেদন প্রক্রিয়ায় নিয়োগকর্তাকে চাকরির প্রস্তাব পুনরায় নিশ্চিত করতে হয়। বাংলাদেশে ইতালির দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অভিবাসন দপ্তর নিয়োগকর্তার কাছে এই নিশ্চয়তা চাইবে। নিয়োগকর্তাকে ১৫ দিনের মধ্যে তা দিতে হবে।
এ কারণে শুধু নুল্লা ওস্তার কপি হাতে পেলেই নিশ্চিন্ত হওয়া উচিত নয়। নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ এবং চাকরির প্রস্তাবের সত্যতা নিশ্চিত করাও জরুরি।
বাংলাদেশে ইতালির ভিসা আবেদন গ্রহণ করে ভিএফএস গ্লোবাল। ইতালির দূতাবাস জানিয়েছে, ইতালির ভিসার আবেদন নির্ধারিত ভিএফএস আবেদনকেন্দ্রের মাধ্যমেই করতে হবে।
ভিএফএসের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আবেদনকেন্দ্র রয়েছে। আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট কেন্দ্রের বর্তমান নিয়ম, অ্যাপয়েন্টমেন্ট এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেখে নিতে হবে।
ইতালির কাজের ভিসার কথা বলে অনেক প্রতারক চক্র ভুয়া নুল্লা ওস্তা, জাল নিয়োগপত্র ও কোম্পানির কাগজ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তাই কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে-
- নুল্লা ওস্তা ছাড়া ইতালির সাধারণ স্পন্সর ওয়ার্ক ভিসা নিশ্চিত এমন দাবি বিশ্বাস করবেন না।
- নিয়োগকর্তা ও কোম্পানির পরিচয় যাচাই করুন।
- নুল্লা ওস্তার তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্য মিলিয়ে দেখুন।
- ভিসা পাওয়ার নিশ্চয়তা দিয়ে কেউ অগ্রিম টাকা চাইলে সতর্ক থাকুন।
- টাকা লেনদেনের ক্ষেত্রে লিখিত চুক্তি ও রসিদ রাখুন।
- ভিসার আবেদন ও অনুমোদনের তথ্য সরকারি বা অনুমোদিত চ্যানেলে যাচাই করুন।
ইতালিতে বৈধভাবে কাজ করতে যেতে হলে প্রথম শর্ত হলো প্রকৃত নিয়োগকর্তা এবং বৈধ চাকরির প্রস্তাব। এরপর নিয়োগকর্তার মাধ্যমে নুল্লা ওস্তা অনুমোদন সংগ্রহ করে বাংলাদেশ থেকে কাজের ভিসার আবেদন করতে হবে।
মনে রাখতে হবে, নুল্লা ওস্তা পাওয়া মানেই ভিসা নিশ্চিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই দালালের আশ্বাসে টাকা খরচ না করে সরকারি নিয়ম মেনে আবেদন করাই নিরাপদ উপায়।



