বিদেশের মাটিতে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ বিনা শর্তে সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা এবং প্রবাসীদের জন্য পেনশন সুবিধা চালুর দাবি জানানো হয়েছে। ইতালির মিলানে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি তুলে ধরেছে ‘মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটি’।
মাদারীপুরের সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের তরুণদের উদ্যোগে গঠিত সংগঠনটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মিলানের ভিয়া পাদভার এলাকার আল মদিনা রেস্টুরেন্টে। অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন সংগঠনের নেতারা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি সৈয়দ উজ্জ্বল বলেন, বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে যেন কোনো শর্ত বা আর্থিক বাধা না থাকে। সম্পূর্ণ সরকারি খরচে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের জন্য পেনশন সুবিধা চালুর দাবিও তুলে ধরা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আলামিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ কালু প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব ফয়সাল তালুকদার ও আরিফ খালাশি। এ সময় বক্তব্য দেন কাওছার বেপারী, মেহেদী তালুকদার, আলামিন মাতুব্বর, কালাম বেপারী, রানা খান, সোহেল হাওলাদার, জহির হাওলাদার, রাফসান আহম্মেদ, অপু, রেজাউল সাইব, ফেরদাউছ হাওলাদার, জয় মাতুব্বর, রমিজ মাতুব্বর, আবু সাইদ, নাসির মোল্লা, সুমন মোল্লা, আমির হাওলাদার, আরিফ মাতুব্বর, টিপু তালুকদার ও রাজিব তালুকদারসহ সংগঠনের অন্য সদস্যরা।
আরও পড়ুনঃ ইতালির কাজের ভিসা পেতে কী কী লাগবে?
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মিলান কমিউনিটির ব্যবসায়ী সাইফুল ইসলাম মামুন ও রাজু খান। এ ছাড়া বক্তব্য দেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এবং সাংবাদিক সাইফুল ইসলাম, আমিনুল মোল্লা, ইমরান হোসেন ও মোকলেসুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও সংগঠনের সদস্যরা একসঙ্গে কেক কেটে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
নবগঠিত সংগঠনটির নেতারা জানিয়েছেন, প্রবাসীদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি দেশের অসহায় মানুষের সহযোগিতায়ও তাঁরা ভূমিকা রাখতে চান।




একটি মন্তব্য