প্রবল বৃষ্টি ও ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির ঝোড়ো বাতাসের আশঙ্কায় পর্তুগালজুড়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে দেশটির আটটি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের আবহাওয়া সতর্কতা ‘রেড অ্যালার্ট’।
পরিস্থিতি মোকাবিলায় বুধবার (১১ নভেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি নয়—এমন সরকারি সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
একই সঙ্গে দেশটির আটটি জেলায় সর্বোচ্চ পর্যায়ের আবহাওয়া সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে পর্তুগিজ আবহাওয়া অধিদপ্তর (আইপিএমএ)। সরকারের ১০ নভেম্বরের ঘোষণায় বলা হয়েছে, বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী লুইস নেভেস নাগরিকদের যতটা সম্ভব ঘরে অবস্থান করার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা ও জাতীয় জরুরি চিকিৎসা ব্যবস্থাকে প্রস্তুত রাখা হয়েছে।
রেড অ্যালার্টের আওতায় থাকা আটটি জেলা হলো ফারো, সেটুবাল, বেজা, এভোরা, সান্তারেম, লিসবন, লেইরিয়া ও পোর্তালেগ্রে।
আইপিএমএর সূচি অনুযায়ী, ফারো, সেটুবাল ও বেজা জেলায় বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রেড অ্যালার্ট কার্যকর থাকবে। অন্য পাঁচ জেলা—এভোরা, সান্তারেম, লিসবন, লেইরিয়া ও পোর্তালেগ্রে—দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ সতর্কতার আওতায় থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের সময় এসব অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ পরিস্থিতিতে দমকা বাতাসের গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুনঃ কানাডায় যাওয়ার স্বপ্ন দেখছেন? প্রতিবছর নেওয়া হবে ৩ লাখ ৮০ হাজার অভিবাসী
শুধু ঝোড়ো বাতাস নয়, ভারী বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকিও তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় বুধবার বিকেল থেকে সমুদ্রের ঢেউ ৪ থেকে ৬ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এতে উপকূলবর্তী এলাকায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বুধবার খোলা স্থানে সব ধরনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গাছ বা ডালপালা ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় ঝুঁকিপূর্ণ পার্ক, বাগান ও বনাঞ্চলে মানুষের প্রবেশ ও অবস্থান সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া সমুদ্র উপকূল, নদীর তীর এবং বন্যাপ্রবণ এলাকাগুলোতে চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
পর্তুগালের জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা, গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে।
এ কারণে নাগরিকদের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় বুধবার দেশটির বাসিন্দাদের পাশাপাশি প্রবাসীদেরও অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকা এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা অনুসরণ করা জরুরি।



