প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, ১১২ জন নিতে ৪ হাজার আবেদন

এক টাকাও খরচ ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ,আবেদন পড়েছে ৪ হাজারের বেশি

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডিতে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বোয়েসেলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পায় বোয়েসেল। এরপর ৫ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। এ সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তারা সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, চূড়ান্ত প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংস্থাটি কোনো হস্তক্ষেপ করবে না। নিয়োগকারী প্রতিষ্ঠান যাঁদের নির্বাচন করবে, তাঁরাই চূড়ান্ত বলে বিবেচিত হবেন।

তিনি আরও জানান, এ নিয়োগে অভিবাসন সংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না। অর্থাৎ, ‘জিরো মিনস জিরো’—সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মীরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।

নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে বোয়েসেল।

মোহাম্মদ রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একজন সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে কাজ করছে বোয়েসেল।

সংস্থাটির প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের পথ সুগম হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button