জাতীয়

মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে? কর্মীদের খরচ নির্ধারণ করল সরকার!

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য সরকারি অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। চলতি বছর দেশটিতে যেতে একজন কর্মীর নির্ধারিত সরকারি খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী সপ্তাহের মধ্যেই মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ সরকার। এর ফলে কর্মীরা নির্ধারিত কেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিদেশযাত্রার প্রস্তুতি নিতে পারবেন।

অভিবাসন ব্যয়ের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের নির্ধারিত খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকার মধ্যে ব্যয় সীমিত রাখার কথা বলা হয়েছে। তবে এই ২ থেকে ৩ লাখ টাকা বাংলাদেশের সরকারের নির্ধারিত অভিবাসন ব্যয় নয় এটি মালয়েশিয়ার পক্ষের বক্তব্য।

মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার পক্ষ থেকে উল্লেখ করা ব্যয়ের সীমা বাস্তবে অনুসরণ করা হলে বাংলাদেশি কর্মীদের অতিরিক্ত অর্থ ব্যয় ও ভোগান্তির শিকার হতে হতো না।

এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এ কার্যক্রমের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।

আরও পড়ুনঃ মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, ১১২ জন নিতে ৪ হাজার আবেদন

এর অংশ হিসেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি দেশটির পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর এই উদ্যোগের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় কমানো এবং নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

তবে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের নিয়োগের শর্ত, কাজের ধরন, বেতন, চুক্তির মেয়াদ ও যাতায়াতসহ অন্যান্য খরচ সম্পর্কে আগে থেকেই নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা জমা দেওয়ার আগে বোয়েসেল কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে তথ্য যাচাই করা জরুরি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button