মালয়েশিয়ায় জাল ভিসার কারখানা, ১৪ দিনের রিমান্ডে দুই বাংলাদেশি
মালয়েশিয়ায় জাল অভিবাসন নথি তৈরি ও বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিকদের অবৈধভাবে কাজের সুযোগ করে দেওয়ার একটি চক্রের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালিত বিশেষ অভিযান ‘অপ সারকাপ’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার দুই বাংলাদেশির বয়স ২৩ ও ৩২ বছর। শুক্রবার (১৩ নভেম্বর) পেনাং রাজ্য অভিবাসন বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে সন্দেহভাজনদের ওপর নজরদারি করা হচ্ছিল। পরে তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
অভিযানের সময় বাসাটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির পরিচয় ব্যবহার করে তৈরি করা ই-পাসের কপি উদ্ধার করেন কর্মকর্তারা।
এসব নথিতে বিদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে ৫০টির বেশি সন্দেহজনক জাল ও পরিবর্তিত নথি পেয়েছে অভিবাসন বিভাগ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ওই বাসাটিকে জাল অভিবাসন নথি তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ল্যাপটপের সাহায্যে ই-পাস ও পাসপোর্টের ডিজিটাল কপিতে বিভিন্ন তথ্য পরিবর্তন করে সেগুলো প্রিন্ট করা হতো।
এরপর বিদেশি নাগরিকদের কাছে সরবরাহ করা হতো এসব নথি। দেখতে আসল কাগজপত্রের মতো হওয়ায় জাল নথি সহজে শনাক্ত করা কঠিন হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, চক্রটির প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের এমন বিদেশি নাগরিকেরা, যাঁদের বৈধ ভ্রমণ নথি নেই কিংবা মালয়েশিয়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করছেন।
জাল কাগজপত্র ব্যবহার করে তাঁদের বৈধ কর্মী হিসেবে উপস্থাপন এবং নিয়োগকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হতো বলে সন্দেহ করা হচ্ছে।
প্রতিটি জাল ই-পাস তৈরি ও প্রিন্ট করে দেওয়ার জন্য ৫০ থেকে ১০০ মালয়েশীয় রিঙ্গিত নেওয়া হতো বলে জানিয়েছেন পেনাং অভিবাসন বিভাগের পরিচালক।
তবে উদ্ধার করা লেনদেনের তথ্য বিশ্লেষণ করে কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি অর্থ আদায়ের প্রমাণও পাওয়া যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
অভিযানে জাল নথি তৈরির কাজে ব্যবহৃত সন্দেহে একটি ল্যাপটপ, প্রিন্টার, কয়েকটি মোবাইল ফোন এবং বিদেশি নাগরিকদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ ছাড়া চক্রটির কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে একটি গাড়ি ও দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাগজপত্র যাচাই করে অভিবাসন বিভাগ জানিয়েছে, তাঁদের মধ্যে একজনের পাসপোর্ট ও নির্মাণ খাতের বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে।
অন্যজনের মালয়েশিয়ায় অবস্থানের বৈধ অনুমতিপত্র পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে আরও কেউ জালিয়াতির কাজে যুক্ত ছিলেন কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
দুই বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর সংশ্লিষ্ট ধারায় তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুনঃ মালয়েশিয়ায় বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর সম্পন্ন
জব্দ করা নথি ও ইলেকট্রনিক সরঞ্জাম পরীক্ষা করে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করার পাশাপাশি কতজন বিদেশি নাগরিক এসব জাল কাগজপত্র ব্যবহার করেছেন, তা জানার চেষ্টা করছে অভিবাসন বিভাগ।
এদিকে এ ঘটনা মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী এবং দেশটিতে কাজ করতে যেতে আগ্রহীদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে ই-পাস কিংবা ওয়ার্ক পারমিট সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
কোনো নথি হাতে পাওয়ার পর সেটিকে আসল ধরে না নিয়ে কিউআর কোড এবং মালয়েশিয়ার সরকারি অভিবাসন ব্যবস্থার মাধ্যমে এর সত্যতা যাচাই করা জরুরি।



