প্রবাস

পরিবারের স্বপ্ন পূরণ করতে পারেনি আনাস,দেশে ফিরছে কফিনবন্দি দেহ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো এবং স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রায় ৩ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের তরুণ আনাস (২৪)।

প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় সেই স্বপ্নের ইতি ঘটেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই প্রবাসী বাংলাদেশি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) মালয়েশিয়ায় কর্মস্থলসংক্রান্ত কাজে যাতায়াতের সময় সড়ক দুর্ঘটনার শিকার হন আনাস।

এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত আনাস ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন ২১ নম্বর আহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির বাসিন্দা। তিনি আব্দুল হক হাওলাদারের একমাত্র ছেলে।

স্বজনদের ভাষ্য, পরিবারের অভাব-অনটন দূর করে সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় ২০২৩ সালে মালয়েশিয়ায় যান আনাস।

বিদেশের মাটিতে কাজ করে পরিবারের জন্য ভালো কিছু করার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর জীবিত অবস্থায় দেশে ফেরা হলো না এই তরুণের।

আরও পড়ুনঃ মালয়েশিয়ায় জাল ভিসার কারখানা, ১৪ দিনের রিমান্ডে দুই বাংলাদেশি

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আনাসের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। একই সঙ্গে পুরো আহাম্মদপুর ইউনিয়নজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্র জানিয়েছে, আনাসের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের কাছে ফিরবেন তিনি, তবে সেই ফেরা হবে কফিনবন্দি অবস্থায়।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button