আমিরাতে একসঙ্গে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, দেশে এসে বিপাকে প্রবাসীরা
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করেছে দেশটির সরকার। চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে এসব ভিসা বাতিলের ঘটনা ঘটছে।
আকস্মিক এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বহু বাংলাদেশি প্রবাসী। বিশেষ করে ছুটিতে দেশে এসে যাঁদের ভিসা বাতিল হয়েছে, তাঁরা আর আমিরাতে ফিরতে পারছেন না। এতে তাঁদের কর্মসংস্থান, ব্যবসা ও পারিবারিক জীবন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, আমিরাতের অভ্যন্তরীণ নিরাপত্তাসংক্রান্ত কারণে বাংলাদেশিদের ভিসা বাতিল করা হচ্ছে বলে জানা গেছে।
তবে বিষয়টি পুনর্বিবেচনা করে বাতিল হওয়া ভিসাগুলো আবার যাচাই করার জন্য দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি জানতে পেরেছেন, ভিসা বাতিলের সংখ্যা বেড়ে বর্তমানে প্রায় ৪ হাজার ৮০০ হয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের পক্ষ থেকে আমিরাত সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, কী কারণে এতসংখ্যক বাংলাদেশির ভিসা বাতিল করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং বাতিল হওয়া ভিসাগুলো পুনরায় যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
ভুক্তভোগী প্রবাসীদের অভিযোগ, গত জুলাই থেকে অনেকের ভিসা কোনো পূর্বঘোষণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে।
কারও কাছে ই-মেইলের মাধ্যমে, কারও মোবাইল ফোনে আবার কারও নিয়োগকর্তা বা কফিলের কাছে এ-সংক্রান্ত বার্তা পাঠানো হচ্ছে। ফলে অনেকেই বিষয়টি জানতে পারছেন দেশে আসার পর কিংবা আমিরাতে ফেরার প্রস্তুতি নেওয়ার সময়।
এক ভুক্তভোগী প্রবাসী জানান, তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারসংক্রান্ত অভিযোগ নেই। আমিরাতে তাঁর ব্যবসা ও পরিবার রয়েছে।
কিন্তু হঠাৎ ভিসা বাতিল হয়ে যাওয়ায় দেশে এসে আটকে পড়েছেন তিনি। দেশটিতে ফিরে যেতে না পারলে দীর্ঘদিনের ব্যবসা, আয়-রোজগার ও জীবিকা হারানোর আশঙ্কা করছেন।
এভাবে বিপুলসংখ্যক বাংলাদেশির ভিসা বাতিলের ঘটনায় আমিরাতের শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটিতে দীর্ঘদিন ধরে বসবাস ও কর্মরত প্রবাসীদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করার তাগিদ দিয়েছেন অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুনঃ মালয়েশিয়ায় জাল ভিসার কারখানা, ১৪ দিনের রিমান্ডে দুই বাংলাদেশি
সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস শেকিল চৌধুরীর মতে, ভিসা বাতিলের বিষয়টির সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক থাকতে পারে। তাঁর পরামর্শ, আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় যোগাযোগ ও সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে।
পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা বাংলাদেশি প্রতিনিধিদের অভিজ্ঞতা ও যোগাযোগ কাজে লাগিয়ে সংকট সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এদিকে যেসব বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে, তাঁদের বিস্তারিত তথ্য আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
এর মাধ্যমে ভুক্তভোগীদের তথ্য সংগ্রহ করে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।



