প্রবাস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ১০ দিন কোমায় থাকার পর বাংলাদেশি তরুণের মৃত্যু

পর্তুগাল দূতাবাসের শোক

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা ১০ দিন কোমায় থাকার পর রাহাত নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী লিসবনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রাহাত বাংলাদেশের গাজীপুর জেলার শিমুলতলী এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পর্তুগালে সড়ক দুর্ঘটনার শিকার হন রাহাত। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা তাকে দ্রুত লিসবনের একটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে টানা ১০ দিন কোমায় থেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারা যান তিনি।

রাহাতের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কাছে তার এই অকাল মৃত্যু অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, রাহাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শোকবার্তায় দূতাবাসের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় দূতাবাস জানায়, প্রবাসজীবনে এমন মৃত্যু আবারও মনে করিয়ে দেয়, প্রিয়জনদের থেকে হাজার মাইল দূরে থাকা প্রবাসীদের জীবন কতটা অনিশ্চিত। একটি দুর্ঘটনা মুহূর্তেই নিভিয়ে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন, কেড়ে নিতে পারে অসংখ্য মানুষের প্রিয়জনকে।

দূতাবাস মরহুম রাহাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button