জাতীয়

ঢাকায় পৌঁছেছে রূপপুরের পারমাণবিক জ্বালানির প্রথম চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান ঢাকায় পৌঁছেছে। ইউরেনিয়াম বহনকারী বিশেষ চার্টার্ড ফ্লাইটটি শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটি অবতরণের পরপরই উড়োজাহাজ থেকে পারমাণবিক জ্বালানি খালাসের কাজ শুরু হয়। রূপপুর প্রকল্পের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও জ্বালানি গ্রহণকারী দলের সদস্য এ তথ্য জানিয়েছেন।

খালাসের পর শনিবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় জ্বালানির চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

এদিকে পারমাণবিক জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-পাবনা মহাসড়কে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, জ্বালানিবাহী বহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন সম্পূর্ণ ফাঁকা রাখা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত চাহিদা পূরণের পাশাপাশি দ্বিতীয় ইউনিটের প্রাথমিক চালুর প্রস্তুতির জন্য রাশিয়া থেকে বিশেষভাবে প্রস্তুত করা পারমাণবিক জ্বালানি আনা হচ্ছে।

এ জন্য মোট নয়টি ফ্লাইটে জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। ডিসেম্বরের মধ্যে ২০০টির বেশি জ্বালানি অ্যাসেম্বলি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button