জাতীয়

রাত ১১টা থেকে সকাল ৬টা, সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

নিরাপত্তার স্বার্থে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই নিজের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারকার্য পরিচালনা করেন।

এ কারণে প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ উদ্দেশ্যে এর আগে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিরা প্রবেশ করছেন। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্ট এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত আদালত এলাকায় প্রবেশের সময় সবাইকে অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

জরুরি প্রয়োজনে এই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে এনআইডি কার্ড অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button