প্রবাসীর কলাম

মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৪ হাজার টাকাই যথেষ্ট? প্রশ্ন অভিবাসী অধিকারকর্মীর

আল আমিন নয়ন, অভিবাসী ও অভিবাসী অধিকারকর্মী

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে এই টাকায় একজন কর্মীর সত্যিই মালয়েশিয়া যাওয়া সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিবাসী অধিকারকর্মী আল আমিন নয়ন। তাঁর দাবি, সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে। এতে মালয়েশিয়াগামী কর্মীদের প্রকৃত অভিবাসন ব্যয় কয়েক লাখ টাকা পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণের কথা জানান। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও এর বাস্তবায়ন ও আগের অর্থ পরিশোধ করা কর্মীদের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন আল আমিন নয়ন।

তিনি বলেন, অনেক কর্মী ইতোমধ্যে রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্থতাকারীদের কাছে ১ থেকে ২ লাখ টাকা বা তারও বেশি অর্থ এবং পাসপোর্ট জমা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এখন তাঁদের প্রশ্ন, আগে দেওয়া অর্থ সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের সঙ্গে সমন্বয় হবে কি না, নাকি মালয়েশিয়া যেতে নতুন করে টাকা দিতে হবে।

আল আমিন নয়নের ভাষ্য অনুযায়ী, কেউ জমি বিক্রি করে, কেউ ঋণ নিয়ে, আবার কেউ পরিবারের সঞ্চয় খরচ করে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ অবস্থায় নতুন করে অতিরিক্ত অর্থ দাবি করা হলে কর্মীরা বিপাকে পড়তে পারেন। অভিযোগ জানালে তাঁদের বিদেশযাত্রা আটকে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

অভিবাসন ব্যয়ের প্রকৃত হিসাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জনশক্তি ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজনের দেওয়া হিসাব তুলে ধরে আল আমিন নয়ন জানান, সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে সিন্ডিকেট বা সংশ্লিষ্ট পক্ষের জন্য ৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত এবং ২৫টি এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং বাবদ আরও ১ হাজার রিঙ্গিত বা প্রায় ৩১ হাজার টাকা লাগতে পারে বলে দাবি করা হচ্ছে।

এ ছাড়া কাজ সংগ্রহের খরচ হিসেবে প্ল্যান্টেশন খাতে ৫ হাজার রিঙ্গিত এবং সুপারশপ বা রেস্টুরেন্টের ক্ষেত্রে ১২ হাজার রিঙ্গিত পর্যন্ত ব্যয়ের কথা বলা হচ্ছে। বিমান টিকিটের জন্য আরও ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ রিঙ্গিত প্রয়োজন হতে পারে বলে তাঁদের দেওয়া হিসাবে উল্লেখ করা হয়েছে।

এসব খরচ মিলিয়ে একজন কর্মীর মোট ব্যয় প্রায় ৩ লাখ ৮৭ হাজার থেকে ৬ লাখ ১৪ হাজার টাকা হতে পারে বলে দাবি করা হয়েছে। তবে আল আমিন নয়ন নিজেই উল্লেখ করেছেন, এটি জনশক্তি ব্যবসায়ীদের দেওয়া হিসাব; কোনো যাচাইকৃত সরকারি ব্যয়তালিকা নয়।

তাঁর প্রশ্ন, একটি চাকরি পেতে এত টাকা কেন দিতে হবে? কাজের অ্যালোকেশন সংগ্রহের নামে হাজার হাজার রিঙ্গিত কারা নিচ্ছে? এসব অর্থ নেওয়ার বৈধ ভিত্তি কী? নিয়োগকর্তার বহন করার কথা থাকা নিয়োগ ব্যয়ও শেষ পর্যন্ত কর্মীদের কাছ থেকে আদায় করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে সরকারের কাছে কয়েকটি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে, নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার মধ্যে কোন কোন খরচ অন্তর্ভুক্ত, তা স্পষ্ট করতে হবে। আগে টাকা ও পাসপোর্ট জমা দেওয়া কর্মীদের বিষয়ে করণীয় জানাতে হবে। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা চালু এবং সিন্ডিকেট, এজেন্সি ও সংশ্লিষ্ট পক্ষের অর্থ গ্রহণের বিষয়টি তদন্ত করে প্রকৃত ব্যয়ের হিসাব প্রকাশ করতে হবে।

একই সঙ্গে মালয়েশিয়াগামী কর্মীদের দালাল বা মধ্যস্থতাকারীর কথায় জমি বিক্রি কিংবা ঋণ করে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন আল আমিন নয়ন। বিদেশ যাওয়ার আগে এজেন্সির বৈধতা, চাকরির চুক্তি, বেতন, কর্মস্থল ও নিয়োগকর্তার পরিচয় যাচাই এবং প্রতিটি লেনদেনের লিখিত রসিদ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে ১০ হাজার কর্মী বিনা খরচে পাঠানোর উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি এজেন্সির মাধ্যমেও যেন কর্মীরা স্বচ্ছ ও সাশ্রয়ী খরচে বিদেশ যেতে পারেন, সেই নিশ্চয়তা দিতে হবে।

আল আমিন নয়নের মতে, শ্রমবাজারের সাফল্য শুধু কতজন কর্মী বিদেশ গেলেন, তা দিয়ে বিচার করা যায় না। একজন কর্মী কত টাকা খরচ করলেন, কী শর্তে বিদেশ গেলেন এবং সেখানে গিয়ে প্রতিশ্রুত কাজ পেলেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

তিনি প্রবাসী কল্যাণমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন, ইতোমধ্যে পরিশোধ করা টাকার কী হবে, নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হলে কর্মীরা কোথায় অভিযোগ করবেন এবং তাঁদের পাসপোর্ট ও অর্থের নিরাপত্তা কে নিশ্চিত করবে?

তাঁর ভাষায়, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন প্রতিশ্রুতির চেয়ে কর্মীদের স্বার্থ রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই এখন বেশি জরুরি ।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button