প্রবাস

সকালে দেশে ফিরে বিকেলেই দুবাইপ্রবাসীর মৃত্যু

দীর্ঘ প্রবাসজীবন শেষে স্বজনদের কাছে ফিরেছিলেন চট্টগ্রামের মিরসরাইয়ের দুবাইপ্রবাসী মো. এনামুল হক (৫৮)। দুবাই থেকে শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে দেশে পৌঁছানোর পর সকালে বাড়িতেও ফিরেছিলেন তিনি।

কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হলো না। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর একই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই প্রবাসী।

শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এনামুল হক মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির বাসিন্দা। তিনি দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে,পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান এনামুল হক।

সেখানে একটি প্রতিষ্ঠানে সেলাইয়ের ডিজাইনার হিসেবে কাজ করতেন তিনি। তবে ২০২৩ সালের শেষ দিকে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে আমিরাতেই অস্ত্রোপচার করানোর পর সুস্থ হয়ে আবারও কর্মস্থলে যোগ দেন।

শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সকাল ৯টার দিকে স্বজনদের সঙ্গে বাড়িতে ফেরেন।

কিন্তু বাড়িতে আসার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থতা অনুভব করেন। দুপুর ১২টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

এনামুল হকের ভাতিজা আশরাফ হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চাচা শুক্রবার সকালে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে তিনি ও তাঁর চাচাতো ভাই এনামুল হককে বাড়িতে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ আমিরাতে একসঙ্গে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, দেশে এসে বিপাকে প্রবাসীরা

সকাল ৯টার দিকে বাড়িতে পৌঁছানোর পরই তিনি অসুস্থতা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আশরাফ হোসেন আরও জানান, এনামুল হকের ৩ টি কন্যাসন্তান রয়েছে। বাবার মৃত্যুর খবরে পরিবারে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিকাশ হালদার জানান, দুপুর ১২টার দিকে এনামুল হককে হাসপাতালে আনা হয়।

তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। চিকিৎসকের ধারণা, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

দীর্ঘদিন পর প্রবাস থেকে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে পরিবারটির জন্য। স্বজনদের সঙ্গে নতুন করে সময় কাটানোর আগেই চিরবিদায় নিতে হলো ৩ কন্যাসন্তানের জনক এনামুল হককে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button