প্রবাস

মৃত্যুর গুঞ্জনের ২১ দিন পর ফেসবুকে রাজন

টানা ২১ দিন কোনো যোগাযোগ ছিল না। পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেঁচে আছেন তো রাজন? রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাঁর মৃত্যুর আশঙ্কাও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে নিজেই নিজের বেঁচে থাকার খবর নিশ্চত করেছে বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। তবে যুদ্ধের ময়দানে স্থলমাইনে আহত হয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত রাজন হোসাইন।

ছবির সঙ্গে তিনি লেখেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ এরপর দেওয়া দীর্ঘ বার্তায় যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে বেঁচে থাকার অভিজ্ঞতা এবং দেশবাসীর ভালোবাসা ও দোয়ার কথা তুলে ধরেন।

রাজন জানান, যুদ্ধের ফ্রন্টলাইনে স্থলমাইনে আহত হওয়ার পরও মহান আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। তাঁর জন্য বাংলাদেশের অসংখ্য মানুষের দোয়া, ভালোবাসা এবং খোঁজখবর নেওয়ার বিষয়টি তাঁকে আবেগাপ্লুত করেছে। এমন ভালোবাসা ও সমর্থন পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিজের বার্তায় রাজন আরও বলেন, যাঁরা তাঁর সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য দোয়া করছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ।

আরও পড়ুনঃ সকালে দেশে ফিরে বিকেলেই দুবাইপ্রবাসীর মৃত্যু

 

ব্যক্তিগতভাবে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব না হলেও প্রত্যেকের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি মনে রাখবেন। মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করে পরিবারের কাছে নিরাপদে ফিরে যেতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছিলেন রাজন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত যুদ্ধের ভয়াবহতা, সেখানে বাংলাদেশিদের অংশগ্রহণ এবং প্রাণহানির ঘটনা নিয়ে ভিডিও প্রকাশ করতেন। অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়েও বিভিন্ন সময় সতর্কবার্তা দিয়েছেন তিনি।

গত ১৯ অক্টোবর যুদ্ধের ফ্রন্টলাইনে যাওয়ার আগে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন রাজন। ওই ভিডিওতে দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি সুস্থ থাকলে এক থেকে ২ মাসের মধ্যে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।

কিন্তু ভিডিওটি প্রকাশের পর বেলা ১১টার দিকে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর টানা ২১ দিন তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়। পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও বাড়তে থাকে উদ্বেগ।

অবশেষে নিজের ছবি ও বার্তার মাধ্যমে বেঁচে থাকার খবর দিয়ে সেই উৎকণ্ঠার অবসান ঘটিয়েছেন রাজন। তবে যুদ্ধের ময়দানে মাইনে আহত হওয়ার বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাঁর সুস্থতা এবং নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button