প্রবাস

লিবিয়ায় ছেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায়,বাবার কাছে ফের ৪২ লাখ দাবি!

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার মো. সাইফুল (৩৯)।

কিন্তু বিদেশে গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় দালালদের দেওয়া মুঠোফোন নম্বরে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা পাঠিয়েছিলেন ৭০ বছর বয়সী বাবা আবদুস সামাদ।

কথা ছিল, টাকা পেলেই ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা নিয়েও কথা রাখেনি চক্রটি। উল্টো ছেলেকে উদ্ধারের আশ্বাস দিয়ে বাবার কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এমন প্রতারণা ও মানব পাচারের অভিযোগে চক্রের দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, ভুক্তভোগী আবদুস সামাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামে। তাঁর ছেলে সাইফুলের বয়স ৩৯ বছর।

সিআইডি সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান সাইফুল। সেখানে পৌঁছানোর পর মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন বলে অভিযোগ পরিবারের।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে লিবিয়ার একটি মুঠোফোন নম্বর থেকে সাইফুলের স্ত্রীর কাছে ফোন আসে। ফোনে জানানো হয়, সাইফুল তাঁদের হেফাজতে আটক রয়েছেন।

তাঁকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

অপহরণকারীরা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত পরিবারের কাউকে সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না।

ছেলের জীবন বাঁচাতে টাকা জোগাড়ের চেষ্টা শুরু করেন পরিবারের সদস্যরা। ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে কয়েক দফায় টাকা পাঠান তাঁরা।

সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া একাধিক মুঠোফোন নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠানো হয়।

টাকা পাঠানোর পর অন্তত ছেলের সঙ্গে কথা বলতে পারবেন এমন আশা করেছিলেন স্বজনেরা। কিন্তু টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।

এরপর সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সাইফুলের বিষয়ে সব তথ্য তাঁর কাছে রয়েছে দাবি করে তিনি বলেন, প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে তাঁকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনবেন।

এ আশ্বাস দিয়ে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আবদুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবার ছেলেকে উদ্ধারের কথা বলে তাঁর কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ফোনে জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। তাঁদের কাছ থেকেই আবদুস সামাদের মুঠোফোন নম্বর সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ জানান, ছেলের জীবন নিয়ে উদ্বেগের মধ্যে একের পর এক মুক্তিপণের দাবি ও প্রতারণার মুখে পড়েন আবদুস সামাদ।

আরও পড়ুনঃ পরিবারের ভাগ্য বদলাতে মালদ্বীপ, মাত্র আড়াই মাসেই শেষ প্রবাসজীবন!

শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তাঁর ও সাইফুলের স্ত্রীর মুঠোফোনে আর কোনো ফোন আসেনি।

ছেলের জীবন নিয়ে শঙ্কিত এবং প্রতারণার শিকার হয়ে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর আবদুস সামাদ সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে করা এ মামলার বাদী তিনি। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়।

সিআইডি জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

একই সঙ্গে সাইফুলকে লিবিয়ায় কোথায় আটক রাখা হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাঁকে উদ্ধারের চেষ্টা করছে সিআইডি। এ ঘটনায় জড়িত দেশি ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সিআইডি। মামলাটির তদন্ত চলছে।

সম্পর্কিত খবর

Back to top button