প্রবাস

ফ্ল্যাট-হোটেলে পুলিশের হানা, মালয়েশিয়ায় অভিযানে গ্রেপ্তার শতাধিক বিদেশি

অনলাইন জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধের নেটওয়ার্ক ভাঙতে মালয়েশিয়াজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।

১৩ দিনব্যাপী এ অভিযানে মোট ৯৩২ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৮২৬ জন বিভিন্ন দেশের নাগরিক।

অভিযান চলাকালে ১৫৩টি স্থানে তল্লাশি চালানো হয়। এসব অভিযানের মাধ্যমে ১১২টি প্রতারণা চক্রের কার্যক্রম গুঁড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, বিদেশিদের টার্গেট করে প্রতারণা চালানোর অভিযোগে আরও দুটি চক্রের খোঁজ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সেলাঙ্গর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

পাশাপাশি সন্দেহভাজন প্রতারণা কেন্দ্র ও অবৈধ কর্মকাণ্ডের আস্তানা শনাক্তে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়া পুলিশের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক কমিশনার দাতুক রুসমি মোহাম্মদ ঈসা জানান, গত ১৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘অপারেশন ম্যাগপাই ০১/২০২৬’ পরিচালনা করা হয়।

বিশেষ এ অভিযানে প্রাথমিকভাবে ১০০টি স্থানে তল্লাশির লক্ষ্য নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত ১৫৩টি স্থানে অভিযান চালানো হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা ৫৩ শতাংশ বেশি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৯৩২ জনের মধ্যে ১০৬ জন মালয়েশীয় এবং ৮২৬ জন বিদেশি নাগরিক। বিদেশিদের মধ্যে চীনের ৫৩৮, ভিয়েতনামের ৯৩, তাইওয়ানের ৪০, ইন্দোনেশিয়ার ৩৬, জাপানের ২১, পাকিস্তানের ১৮ এবং মিয়ানমার ও ফিলিপাইনের ১৪ জন করে নাগরিক রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭৯৬ জন পুরুষ এবং ১৩৬ জন নারী।

অভিযানের পাশাপাশি সন্দেহভাজন স্থাপনাগুলোতে ৬৫০টি আগাম তদারকি ও পরিদর্শন চালানো হয়। পুলিশ জানায়, সবচেয়ে বেশি অভিযান পরিচালিত হয়েছে বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে।

মোট ১৫৩টি অভিযানের মধ্যে ১০৬টি বা ৬৯ দশমিক ২৮ শতাংশ ছিল এসব ভবনে। এ ছাড়া সাধারণ আবাসিক বাড়িতে ৩৪টি, রিসোর্ট ও হোটেলে আটটি এবং কার্যালয়, দোকান ও গুদামে পাঁচটি অভিযান চালানো হয়।

পুলিশের প্রাথমিক বিশ্লেষণে অনলাইন প্রতারণার ১৩৬টি কৌশল শনাক্ত হয়েছে। এর মধ্যে অস্তিত্বহীন বিনিয়োগ প্রকল্পের নামে প্রতারণা এবং প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ২৭টি করে।

এ ছাড়া টেলিফোনে প্রতারণার ২৫টি, অনলাইন জুয়ার ১৬টি এবং ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে প্রতারণার ১১টি ঘটনা চিহ্নিত হয়েছে।

কমিশনার রুসমি বলেন, এসব চক্র শুধু মালয়েশিয়ার নাগরিকদেরই প্রতারণার লক্ষ্যবস্তু বানাচ্ছিল না; আন্তর্জাতিক পর্যায়েও তাদের কার্যক্রম বিস্তৃত ছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া ১৪৪টি লক্ষ্যবস্তু দেশের মধ্যে ১৩০টিই মালয়েশিয়ার বাইরে। প্রতারণার লক্ষ্য হিসেবে চীনের নাম সবচেয়ে বেশি এসেছে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান ও হংকং।

অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ২ হাজার ৫৮টি মুঠোফোন, ৪৩৩টি ল্যাপটপ ও ট্যাবলেট, ১৬১টি কম্পিউটার ও মনিটর, ১১২টি রাউটার ও মডেম, ৪০টি পাসপোর্ট ও ভিসা এবং সাতটি যানবাহন। এ ছাড়া নগদ ১ লাখ ২ হাজার ৬৩৫ মালয়েশীয় রিঙ্গিতও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮০৯ জন গ্রাহকসেবা কর্মী বা অপারেটর হিসেবে কাজ করতেন। অন্য ৭০ জন ছিলেন তত্ত্বাবধায়ক ও দলনেতা।

চক্রগুলোর মূল পরিকল্পনাকারী, সমন্বয়কারী এবং অর্থ লেনদেন ও অবকাঠামো সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চালাচ্ছে পুলিশ। এ জন্য ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, যোগাযোগের তথ্য এবং আর্থিক লেনদেনের রেকর্ড পরীক্ষা করা হচ্ছে।

অভিযান শেষে ১১৭টি তদন্ত নথি খোলা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার তদন্ত চলছে এবং কিছু মামলা প্রসিকিউশনের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ লিবিয়ায় ছেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায়,বাবার কাছে ফের ৪২ লাখ দাবি!

সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির ফোন, বার্তা কিংবা বিনিয়োগের প্রস্তাবে সহজে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন কমিশনার রুসমি। একই সঙ্গে ব্যাংক হিসাবের তথ্য, পাসওয়ার্ড, এককালীন পাসওয়ার্ড (ওটিপি) কিংবা লেনদেন অনুমোদনের সংকেত অন্য কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

কেউ অনলাইন প্রতারণার শিকার হয়েছেন বলে সন্দেহ হলে দ্রুত মালয়েশিয়ার জাতীয় প্রতারণা প্রতিক্রিয়া কেন্দ্রের (এনএসআরসি) ৯৯৭ নম্বরে যোগাযোগ এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

দেশজুড়ে অভিযানের মধ্যেই সেলাঙ্গর রাজ্যে বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত দুটি অনলাইন প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে পুলিশ।

গত ৩ ও ১০ নভেম্বর কাজাংয়ের সুংগাই লং এবং ক্লাংয়ের তামান আমান পেরদানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

সেলাঙ্গর পুলিশের প্রধান দাতুক শাজেলি কাহার জানান, রাজ্য পুলিশের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ কাজাং ও উত্তর ক্লাংয়ের পুলিশের সহযোগিতায় অভিযান দুটি পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মালয়েশীয় পুরুষ, সাতজন বিদেশি পুরুষ এবং তিনজন বিদেশি নারী রয়েছেন। তাঁদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণা চক্রের গ্রাহকসেবা কর্মী হিসেবে কাজ করতেন। গত সেপ্টেম্বর থেকে চক্র দুটি তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

টেলিফোন কল ও বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিদেশের নাগরিকদের ভুয়া বিনিয়োগ প্রকল্প এবং প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া হতো বলে পুলিশের ধারণা।

অভিযানে ১৪টি মুঠোফোন, ছয়টি ল্যাপটপ, তিনটি নোটবুক, দুটি রাউটার, বাড়ির দুটি চাবির সেট, একটি সমন্বিত কম্পিউটার এবং একটি আইপ্যাড জব্দ করা হয়েছে। জব্দ করা সরঞ্জামের আনুমানিক মূল্য ২০ হাজার রিঙ্গিত।

পুলিশ জানিয়েছে, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দণ্ডবিধির ৪২০ ও ১২০বি ধারায় তদন্ত চলছে। কাজাংয়ের অভিযানে গ্রেপ্তার হওয়া দুই বিদেশি নাগরিককে গত ৬ নভেম্বর দণ্ডবিধির ১২০বি(২) ধারায় আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের প্রত্যেককে ২ হাজার রিঙ্গিত জরিমানা করেন। তাঁরা জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

একই অভিযানে গ্রেপ্তার হওয়া আরও তিনজনকে মামলার সাক্ষী হিসেবে নেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তর ক্লাং থেকে গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছিল।

সেলাঙ্গর পুলিশের প্রধান আবাসিক ও বাণিজ্যিক ভবনে সন্দেহজনক প্রতারণা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ধরনের অপরাধ শনাক্ত ও বন্ধে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

প্রতারণা চক্রের কার্যক্রম এবং পাসপোর্ট ও ভ্রমণ নথির অপব্যবহার ঠেকাতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগও বিশেষ অভিযান জোরদার করেছে। এর অংশ হিসেবে বিভাগের বিশেষ অভিযান শাখা ছয়টি স্থাপনায় তল্লাশি চালিয়েছে।

অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের পর্যবেক্ষণের ভিত্তিতে সন্দেহভাজন স্থাপনাগুলো চিহ্নিত করা হয়।

এসব স্থানের কয়েকটি প্রতারণা চক্রের কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষ করে শ্যাকি এলাকায় একটি সন্দেহভাজন প্রতারণা চক্রের আস্তানায় অভিযান চালানো হয়েছে।

অভিযানের সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অবস্থানরত বিদেশি নাগরিকদের পাসপোর্ট, ভ্রমণ নথি ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়।

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধ ভ্রমণ নথি থাকা এবং দেশটির অভিবাসন আইন ও শর্ত মেনে চলা বাধ্যতামূলক। যাচাইয়ে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোনো স্থানে অভিযান চালানো বা কাউকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার অর্থ এই নয় যে তিনি প্রতারণা কিংবা জালিয়াতির সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধে সম্পৃক্ততা যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে।

মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশটিকে আন্তর্জাতিক প্রতারক চক্র ও সংঘবদ্ধ অপরাধের নিরাপদ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

এ ধরনের অপরাধ দমনে পুলিশ, অভিবাসন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button