৩২ হাজার টাকা দাবি শ্রমিকদের, সিপিডি বলছে মজুরি হওয়া উচিত ১৮–২৪ হাজার!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা, পরিবারের দারিদ্র্যসীমা এবং সম্মানজনক জীবনযাপনের ব্যয় বিবেচনায় নিয়ে এই সীমা প্রস্তাব করেছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে গবেষণার ফলাফল তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
তিনি জানান, মজুরি নির্ধারণের ক্ষেত্রে তিনটি পৃথক হিসাব বিবেচনা করেছে সিপিডি। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বর্তমান মজুরির ক্রয়ক্ষমতা বজায় রাখা, একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখা এবং প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা।
সিপিডির হিসাবে, ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির বর্তমান ক্রয়ক্ষমতা ধরে রাখতে হলে ২০২৬ সালের অক্টোবরে একজন পোশাকশ্রমিকের মাসিক বেতন হতে হবে অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা।
এ হিসাবের ভিত্তি হিসেবে ২০২৩ সালের নভেম্বরের শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ১১৮ দশমিক ৭৬ এবং ২০২৬ সালের অক্টোবরের সূচক ১৫৫ দশমিক ৩৫ ধরা হয়েছে। দুই সময়ের সূচক তুলনায় পণ্যমূল্য বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮ শতাংশ।
অর্থাৎ, মজুরি ১৬ হাজার ৩৫১ টাকা করা হলে শ্রমিকের প্রকৃত জীবনযাত্রার মান বাড়বে না; বরং ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, বর্তমান বাজারেও প্রায় একই ক্রয়ক্ষমতা বজায় থাকবে।
সিপিডির দ্বিতীয় হিসাবটি ৪ সদস্যের একটি পরিবারের দারিদ্র্যসীমার সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে নির্ধারিত শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা এবং পরবর্তী মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে এ হিসাব করা হয়েছে।
গবেষণা অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে প্রয়োজন ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারপ্রতি গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে হিসাব করলে প্রত্যেকের মাসিক আয় হওয়া দরকার ১৮ হাজার ৫৭৮ টাকা।
সিপিডির মতে, শ্রমিকের মজুরি নির্ধারণের সময় পরিবারের সদস্যসংখ্যা এবং উপার্জনকারীর সংখ্যা বিবেচনায় নেওয়া জরুরি। কারণ একজন শ্রমিকের আয় দিয়ে অনেক ক্ষেত্রে পরিবারের একাধিক সদস্যের জীবনযাত্রার ব্যয় মেটাতে হয়।
তৃতীয় হিসাবটি করা হয়েছে একটি পরিবারের ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় ধরে। এতে শুধু খাবার ও বাসাভাড়াই নয়, শিক্ষা, পোশাক, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা, যোগাযোগ, জরুরি প্রয়োজন এবং সামান্য সঞ্চয়ের খরচও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিপিডির হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা। অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা।
এর সঙ্গে জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য আরও ১ হাজার ৮২১ টাকা যোগ করলে পরিবারের মোট মাসিক ব্যয় দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ২৪৩ টাকা।
আরও পড়ুনঃ শুধু রেমিট্যান্স নয়, এবার প্রবাসীদের মেধা-দক্ষতাও কাজে লাগাতে বড় উদ্যোগ!
পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। সিপিডির প্রস্তাবিত মজুরি সীমার সর্বোচ্চ অঙ্কটি এই জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে।
নতুন মজুরি নির্ধারণের আলোচনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন তৈরি পোশাকশিল্পের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবি চলছে।
শ্রমিকদের পক্ষ থেকে শুরুতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানানো হলেও পরে মজুরি বোর্ডে ৩২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়।
সরকার গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে।
অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার অপেক্ষা রয়েছে। আগামী ২৩ নভেম্বর বোর্ডের পরবর্তী সভা হওয়ার কথা রয়েছে।
সিপিডি মনে করে, শুধু শ্রমিকদের দাবি কিংবা মালিকদের আর্থিক সক্ষমতার যুক্তির ভিত্তিতে মজুরি নির্ধারণ করা উচিত নয়। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদন খরচ, শ্রমিকের উৎপাদনশীলতা এবং শিল্পের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও তথ্যনির্ভর পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
গবেষণায় আরও বলা হয়েছে, মজুরি নির্ধারণের জন্য পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নিয়ে হালনাগাদ ও প্রতিনিধিত্বশীল জরিপ প্রয়োজন।
পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনকারীর সংখ্যা এবং শিল্পাঞ্চলভেদে বাসাভাড়া ও অন্যান্য ব্যয়ের পার্থক্যও হিসাবের মধ্যে আনতে হবে।
এ ছাড়া নির্দিষ্ট সময় পরপর মজুরি পর্যালোচনা, মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয়ের ব্যবস্থা এবং মজুরি নির্ধারণে স্থায়ী ও স্বাধীন কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
আন্তর্জাতিক ক্রেতাদেরও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আলোচনায় সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে।
তবে সিপিডির প্রস্তাবিত ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা এখনো চূড়ান্ত মজুরি নয়। এটি গবেষণাভিত্তিক একটি প্রস্তাবিত সীমা। নতুন মজুরি কত হবে, তা নির্ধারণ করবে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার ভিত্তিতে।



