চাকরি

হজ মৌসুমে সৌদিতে চাকরির সুযোগ,আবেদনের আগে জেনে নিন শর্ত

সৌদি আরবে ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) হজ মৌসুম সামনে রেখে মৌসুমি কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে মক্কাভিত্তিক প্রতিষ্ঠান কিদানা ডেভেলপমেন্ট কোম্পানি।

হজের সময় বিভিন্ন প্রকল্প পরিচালনা, প্রশাসনিক সহায়তা, কাজের অগ্রগতি তদারকি এবং কারিগরি কার্যক্রমে সহায়তার জন্য কর্মী নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দ্য ইসলামিক ইনফরমেশন-এর ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনিক, প্রকৌশল, কারিগরি, আর্থিক ও মাঠপর্যায়ের বিভিন্ন দায়িত্বে কর্মী নেওয়া হবে।

প্রতিবেদনে সৌদি নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিকদেরও আবেদনের সুযোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে।

তবে বিদেশি কর্মীদের আবেদনের সুযোগ নিয়ে কিদানার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের সঙ্গে ওই প্রতিবেদনের অমিল রয়েছে।

প্রতিষ্ঠানের মৌসুমি নিয়োগ কর্মসূচির ওয়েবপেজে আবেদনকারীর সৌদি নাগরিক হওয়া এবং মক্কা শহরের বাসিন্দা হওয়ার শর্ত উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট পদে দক্ষতা, ব্যক্তিগত সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া এবং নির্দিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতার কথাও বলা হয়েছে।

কোন কোন ক্ষেত্রে কাজের সুযোগ

কিদানার মৌসুমি নিয়োগ কর্মসূচির তথ্য অনুযায়ী, হজ ব্যবস্থাপনায় কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মী প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে-

  • প্রশাসনিক কার্যক্রম
  • আতিথেয়তা ও পরিবহনসেবা
  • স্বাস্থ্য ও নিরাপত্তা
  • প্রকৌশল ও কারিগরি কার্যক্রম
  • মান নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনা
  • জনসমাগম বা ভিড় ব্যবস্থাপনা
  • তদারকি ও পরিদর্শন

প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, মৌসুমি কর্মীদের নির্ধারিত প্রকল্পে সহায়তা, পরিকল্পনা বাস্তবায়ন, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হতে পারে।

বয়স ও শিক্ষাগত যোগ্যতা

দ্য ইসলামিক ইনফরমেশন-এর প্রতিবেদনে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রির কথা বলা হয়েছে।

theislamicinformation
theislamicinformation

তবে কিদানার নিজস্ব মৌসুমি কর্মসূচির শর্তে নির্দিষ্ট পদে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা হতে পারে।

আবেদন ও নিয়োগপ্রক্রিয়া

কিদানার ওয়েবসাইটে প্রকাশিত কর্মসূচির বিবরণ অনুযায়ী, আগ্রহীদের প্রতিষ্ঠানের নিয়োগ পোর্টালে নিবন্ধন করে আবেদনপত্র পূরণ করতে হয়।

এরপর আবেদন যাচাই-বাছাই, ব্যক্তিগত সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। নির্বাচিতদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে চুক্তি সম্পন্ন করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের মৌসুমি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আর্থিক সম্মানী, মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের সুযোগ দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

বাংলাদেশি কর্মীদের জন্য কী জানা জরুরি

বিদেশি নাগরিকদের আবেদনের সুযোগ রয়েছে বলে দ্য ইসলামিক ইনফরমেশন উল্লেখ করলেও কিদানার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত মৌসুমি কর্মসূচির শর্তে সৌদি নাগরিক হওয়ার কথা বলা হয়েছে।

তাই বাংলাদেশি প্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ পোর্টালে নির্দিষ্ট পদের যোগ্যতা ও জাতীয়তাসংক্রান্ত শর্ত যাচাই করা প্রয়োজন।

এসব বিষয় নিয়োগকর্তার কাছ থেকে লিখিতভাবে নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীকে টাকা দেওয়া উচিত নয়।

কিদানার নিয়োগসংক্রান্ত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং নিয়োগ পোর্টাল দেখতে পারেন।

কিদানার ওয়েবসাইট: https://kidana.com.sa/en/seasonal-employment-program/

নিয়োগ পোর্টাল: https://careers.kidana.com.sa/

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন, কিদানা ডেভেলপমেন্ট কোম্পানির ওয়েবসাইট।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button