
বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে প্রথমবারের মতো মরক্কোতে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
দেশটির একটি কোম্পানিতে ইলেকট্রিক্যাল ও সংশ্লিষ্ট কারিগরি খাতে ২০ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, মরক্কো বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার। এই উদ্যোগ বাস্তবায়নে রাবাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দূতাবাসের সহযোগিতায় মরক্কোর ডিপি নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে।
প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে ২০ জন দক্ষ পুরুষ কর্মী নিতে চায় ডিপি নেটওয়ার্ক। এ লক্ষ্যে কোম্পানিটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে বোয়েসেলের কার্যক্রম ও সক্ষমতা যাচাই করেছে।
বোয়েসেলের উপ-মহাব্যবস্থাপক (ওভারসিজ এমপ্লয়মেন্ট) এন-উঅং মারমা মং জানান, আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের জন্য ৩৩৪ জনের তালিকা ডিপি নেটওয়ার্কের কাছে পাঠানো হয়েছে। এখন কোম্পানিটি সেখান থেকে প্রার্থী বাছাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে।
পরবর্তী ধাপে কোম্পানিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সরাসরি সাক্ষাৎকার নেবে। এরপর চূড়ান্তভাবে ২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বোয়েসেলের আশা, আগামী বছরের জুনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।
যেসব পদে নিয়োগ
ডিপি নেটওয়ার্ক কোম্পানিতে ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল সাইট ইঞ্জিনিয়ার, বিএমএস (বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম) ইঞ্জিনিয়ার, জিআরএমএস (গেস্ট রুম ম্যানেজমেন্ট সিস্টেম) ইঞ্জিনিয়ার ও এইচভিএসি ইঞ্জিনিয়ার পদে কর্মী নেওয়া হবে।
এ ছাড়া ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, এইচভিএসি টেকনিশিয়ান এবং স্প্রিংকলার টেকনিশিয়ান পদেও নিয়োগের পরিকল্পনা রয়েছে।
বেতন কত
বোয়েসেলের তথ্য অনুযায়ী, পদ ও দায়িত্ব অনুযায়ী মাসিক বেতন ৫৭০ থেকে ৯৬০ মার্কিন ডলার পর্যন্ত।
ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল সাইট ইঞ্জিনিয়ার, বিএমএস/জিআরএমএস ইঞ্জিনিয়ার এবং এইচভিএসি ইঞ্জিনিয়ার পদে মাসিক বেতন ৯৬০ ডলার। অন্যদিকে, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, এইচভিএসি টেকনিশিয়ান ও স্প্রিংকলার টেকনিশিয়ান পদে বেতন ৫৭০ ডলার।
নতুন এই উদ্যোগের মাধ্যমে মরক্কোর শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সফল হলে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভবিষ্যতে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।



