মাইক হাতে ফকির কমিটির সভাপতির ঘোষণা ,বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমা

বাজারে দোকান খোলা ও বন্ধের নির্দিষ্ট সময় থাকে। কিন্তু ভিক্ষাবৃত্তির ক্ষেত্রেও যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে, তা অনেকের কাছেই অজানা। এবার এমনই এক ব্যতিক্রমী ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন ময়মনসিংহের ফুলপুর বাজারের কথিত ‘ফকির কমিটি’র সভাপতি।
তার ঘোষণা অনুযায়ী, সপ্তাহের শুধু মঙ্গলবার ফুলপুর বাজার এলাকায় ভিক্ষা করা যাবে। তাও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে ভিক্ষা করতে দেখা গেলে দিতে হবে ১ হাজার ৫০০ টাকা জরিমানা। একই সঙ্গে শোনানো হয়েছে তিন দিনের কারাদণ্ডের হুঁশিয়ারি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিতে এ ঘোষণা দিতে দেখা যায় ওই ব্যক্তিকে। ভিডিওতে হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজার এলাকায় কথা বলতে দেখা যায় তাকে।
ভিডিওতে নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি বলেন, প্রতি মঙ্গলবার ছাড়া কেউ ভিক্ষা করতে পারবেন না। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করার সুযোগ থাকবে। বিকেল ৫টার পর কাউকে ভিক্ষা করতে দেখা গেলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের জেল দেওয়া হবে।
তার এমন ঘোষণার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। কেউ বিষয়টিকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন এমন নিয়ম করার এখতিয়ার নিয়ে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।



