প্রবাসসংযুক্ত আরব আমিরাত

আমিরাতের লেবার মার্কেট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি উদ্যোক্তা

পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার দিরহাম, ২৪ ক্যারেট স্বর্ণের কয়েন ও সম্মাননা ট্রফি

 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় প্রদত্ত ২০২৬ সালের ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ আবদুল শহীদ ওরফে ওয়াহিদ মিয়া। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন নগদ ৫০ হাজার দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা। এ ছাড়া তাঁকে দেওয়া হয়েছে ২৪ ক্যারেট স্বর্ণের একটি কয়েন ও সম্মাননা ট্রফি।

গত বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর ) আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে ওয়াহিদ মিয়া ও অন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইউএইর প্রেসিডেনশিয়াল কোর্টের ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ বিভাগের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আবুধাবিতে বসবাসকারী ওয়াহিদ মিয়া ‘ম্যাগ ইভেন্ট ম্যানেজমেন্ট’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সন্তান তিনি। প্রায় ২১ বছর আগে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে।

আমিরাতে তাঁর কর্মজীবনের শুরু হয়েছিল আবুধাবির একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে। তখন তাঁর মাসিক বেতন ছিল মাত্র ৭০০ দিরহাম। সততা, কঠোর পরিশ্রম, ধৈর্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে এগিয়ে যান তিনি। একপর্যায়ে গড়ে তোলেন নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।

বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৩০ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। প্রবাসে সীমিত বেতনের চাকরি দিয়ে শুরু করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার স্বীকৃতি হিসেবেই তাঁর এই অর্জনকে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button