জাতীয়

তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার,চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির কৃতী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে বাইসাইকেল

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজেই চালিয়ে পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা কয়েকটি বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। এ সময় তাঁর সামনে বিভিন্ন ধরনের বাইসাইকেলের নমুনা উপস্থাপন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

প্রধানমন্ত্রী নিজে বাইসাইকেল চালিয়ে এর মান ও ব্যবহারিক দিক পরখ করে দেখেন। শিক্ষার্থীদের জন্য উপহারের বাইসাইকেলগুলো ব্যবহারের উপযোগী কি না, তা নিশ্চিত করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button