মালদ্বীপে পৃথক ঘটনায় একদিনের ব্যবধানে ২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের একজন জয়পুরহাটের রেজাউল করিম এবং অন্যজন ফরিদপুরের কুরমান। তাঁদের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার (২৪ নভেম্বর) নিশ্চিত করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আগামী শুক্রবার ২ প্রবাসীর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
মালদ্বীপে মারা যাওয়া দুই প্রবাসী বাংলাদেশির পরিচয় হলো-
মো. রেজাউল করিম: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল মালেক ওরফে খোকা মণ্ডলের ছেলে।
কুরমান: ফরিদপুরের সদরপুর উপজেলার লতিফ কাজীর ডিঙ্গি গ্রামের মিয়া খানের ছেলে।
দুজনই জীবিকার সন্ধানে দীর্ঘদিন ধরে মালদ্বীপে অবস্থান করছিলেন। তাঁদের মৃত্যুর ঘটনায় স্বজন ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রেজাউল করিম ২০১৩ সালে জীবিকার সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান। দীর্ঘ সময় ধরে দেশটির বিভিন্ন দ্বীপে কাজ করেছেন তিনি। তবে তাঁর বেশির ভাগ সময়ই অনিয়মিত অবস্থায় কাটে বলে জানিয়েছেন স্বজন ও পরিচিতরা।
সর্বশেষ মালদ্বীপের রা-আতুলের বাধু দ্বীপে বাংলাদেশিদের পরিচালিত একটি গেস্টহাউসে রাঁধুনির কাজ করতেন রেজাউল।
তাঁর এলাকার মালদ্বীপ প্রবাসী মো. মানিক হোসেন এবং ছোট মেয়ের জামাতা নাসিবুল জানান, সোমবার (২৩ নভেম্বর) ভোর ৪টার পর বাধু দ্বীপের স্থানীয় একটি মসজিদ থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়। রাজধানী মালে থেকে দ্বীপটির দূরত্ব প্রায় ১৯৫ কিলোমিটার।
ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া এক বাংলাদেশি প্রথমে তাঁর মরদেহ দেখতে পান। পরে রেজাউলের রুমমেটরা ভোর ৪টা ১৫ মিনিটের দিকে নাসিবুলকে ফোন করে মৃত্যুর খবর জানান।
প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারিত হলেও পুলিশ ও চিকিৎসকের প্রতিবেদনে রেজাউলের মৃত্যুর কারণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া বলে উল্লেখ করা হয়েছে।
রেজাউলের মরদেহ বর্তমানে রাজধানী মালের একটি মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেছে তাঁর পরিবার।
অন্যদিকে, গত রোববার (২২ নভেম্বর) মালদ্বীপে স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যান ফরিদপুরের কুরমান।
তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদনে কুরমানের মৃত্যুর কারণ স্ট্রোক বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ ভুয়া ওয়ার্ক পারমিটের ফাঁদে পড়বেন না, বিদেশযাত্রার আগে যাচাই করুন ৭ বিষয়
কুরমানও দীর্ঘদিন ধরে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে অনথিভুক্ত অবস্থায় কাজ করছিলেন। তাঁর মরদেহও বর্তমানে রাজধানী মালের একটি মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দুই প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
হাইকমিশনের সহযোগিতা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) তাঁদের মরদেহ বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এ জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।



