আহত ও অসুস্থ প্রবাসীদের চিকিৎসায় ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
দেশে ফেরার এক বছরের মধ্যে করতে হবে আবেদন, অনলাইনে অথবা প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে আবেদন করা যাবে

প্রবাসে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত কিংবা গুরুতর অসুস্থ হয়ে দেশে ফিরেছেন—এমন প্রবাসী কর্মীদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এ সহায়তা পেতে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে।
বোর্ডের তথ্য অনুযায়ী, প্রবাসে আহত বা অসুস্থ হয়ে দেশে ফেরা কর্মীকে দেশে ফেরার এক বছরের মধ্যে সহায়তার জন্য আবেদন করতে হবে। অনলাইনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ সেন্টারে গিয়ে আবেদন করা যাবে।
আবেদনে যেসব কাগজপত্র লাগবে
আর্থিক সহায়তা পেতে আবেদনকারীর প্রয়োজন হবে—
১. বিএমইটির বহির্গমন ছাড়পত্র অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদসংক্রান্ত প্রমাণপত্র।
২. পাসপোর্টের বহির্গমন ও দেশে আগমনের সিলযুক্ত পৃষ্ঠা।
৩. বিদেশে এবং দেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র।
৪. অসুস্থতার প্রমাণ হিসেবে বর্তমান ছবি।
৫. অর্থ লেনদেনের জন্য প্রযোজ্য ব্যাংক হিসাবের রাউটিং নম্বরসহ ব্যাংক স্টেটমেন্ট।
ভিডিও কলের মাধ্যমে যাচাই
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীর অবস্থা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে পর্যবেক্ষণ ও যাচাই করে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে: www.portal.wewb.gov.bd
এ ছাড়া প্রয়োজনে যোগাযোগ করা যাবে—
দেশ থেকে (টোল-ফ্রি): ১৬১৩৫
বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০
প্রবাসে কর্মরত অবস্থায় দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া কর্মীদের চিকিৎসা ব্যয়ে সহায়তা করতেই এ উদ্যোগ নিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।



