বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, আজ খুলছে শ্রমবাজারের নতুন দুয়ার
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে আবারও শুরু হচ্ছে দেশটিতে কর্মী পাঠানোর কার্যক্রম।
প্রথম দফায় সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। এই যাত্রার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবেন এসব কর্মী। প্রথম দফার এই যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন এসব কর্মী নিয়োগ দিয়েছে। কর্মীদের বিমানভাড়া, চিকিৎসা পরীক্ষা এবং মালয়েশিয়ায় যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
সরকারি ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বোয়েসেলের মাধ্যমে ধাপে ধাপে এই কর্মী পাঠানো হবে। তবে কতজন কর্মী কোন সময়ে যাবেন, তা নির্ভর করবে মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর।
এই উদ্যোগের প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার জন্য ১১২ জন কর্মী নির্বাচন করা হয়। বোয়েসেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হওয়ায় কর্মীদের কাছ থেকে কোনো নিয়োগ বা সেবা ফি নেওয়া হচ্ছে না।
বোয়েসেলের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফার ১১২টি পদের জন্য অনলাইনে আবেদন করেন ৪ হাজার ২৯ জন। আবেদনকারীদের মধ্য থেকে স্বয়ংক্রিয় সফটওয়্যার লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়।
এরপর মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশে এসে প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেন। যোগ্যতা, দক্ষতা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করা হয়।
এ নিয়োগে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী নেওয়া হয়েছে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নের সুযোগ রয়েছে।
আরও পড়ুনঃ সংসারের অভাব ঘোচাতে সৌদি গিয়ে মৃত্যু, বাবার মরদেহের অপেক্ষায় দুই মেয়ে
কর্মীদের দৈনিক আট ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। অতিরিক্ত কাজের জন্য মালয়েশিয়ার শ্রম আইন ও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার কথা রয়েছে। নিয়োগদাতা প্রতিষ্ঠান আবাসন, প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থাও করবে।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ ২০২৪ সালের ৩১ মে বন্ধ হয়ে যায়। অতিরিক্ত অভিবাসন ব্যয়, নিয়োগে অনিয়ম, সিন্ডিকেট ও কর্মী শোষণের অভিযোগের পর দেশটি বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়া স্থগিত করে।
এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজের জন্য গিয়েছিলেন। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অতিরিক্ত খরচের অভিযোগে শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ায় বহু কর্মী বিপাকে পড়েন।
দীর্ঘ আলোচনার পর এবার সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ ও ব্যয়সাশ্রয়ী নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী পাঠানো শুরু হচ্ছে। বিশেষ করে বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগটি বিদেশে চাকরিপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বোয়েসেলের মাধ্যমে ডিএইচএল সাপ্লাই চেইনের জন্য নির্বাচিত ১১২ কর্মীর ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠান সব অভিবাসন ব্যয় বহন করছে। তবে মালয়েশিয়ায় সব ধরনের নিয়োগই বিনা খরচে হচ্ছে এমনটি নয়।
সরকারি ব্যবস্থাপনার এই বিশেষ উদ্যোগের বাইরে বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সীমার বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।
কর্মী নিয়োগের নামে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী অর্থ দাবি করলে চাকরিপ্রত্যাশীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বোয়েসেলের বিনা খরচের নিয়োগে কোনো আবেদন, নির্বাচন বা চাকরি নিশ্চিত করার জন্য অর্থ দেওয়ার প্রয়োজন নেই।
দুই বছরের বেশি সময় পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন বিদেশে কর্মসংস্থানপ্রত্যাশীরা।
তবে শ্রমবাজারটি দীর্ঘমেয়াদে সচল রাখতে স্বচ্ছ নিয়োগ, নির্ধারিত অভিবাসন ব্যয়, কর্মীদের অধিকার সুরক্ষা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।



