জাতীয়মালয়েশিয়া

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

সম্পূর্ণ বিনা খরচে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা

 

আড়াই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথম ধাপে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে যাচ্ছেন ১১২ জন কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম দফায় নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীরা নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধাও পাবেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

কর্মীদের কোনো অভিবাসন ব্যয় নেই

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, কর্মীদের কাছ থেকে বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অর্থ নিচ্ছে না। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ দিচ্ছে নিয়োগকর্তা।

প্রচলিত ব্যবস্থায় একজন কর্মীর বিদেশ যেতে আনুমানিক ২ লাখ টাকা ব্যয় হয়। সে হিসাবে প্রথম দফার ১১২ কর্মীর প্রায় ২ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।

চার হাজারের বেশি আবেদন, নির্বাচিত ১১২ জন

বোয়েসেল জানিয়েছে, প্রথম ধাপে অনলাইনে আবেদন করেছিলেন ৪ হাজার ৩৯ জন। তাঁদের মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়েছে।

শুধু ডিএইচএল নয়, মালয়েশিয়ার আরও তিনটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। চার প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের প্রস্তাব রয়েছে। এর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দ্বিতীয় ধাপে আগামী ৫ বা ৯ ডিসেম্বর কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর সম্ভাবনা রয়েছে।

প্রথম পর্যায়ে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এ জন্য লটারির মাধ্যমে কর্মী নির্বাচনের প্রক্রিয়া চলছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের জন্য এক হাজার কর্মসংস্থানের সুযোগ রাখা হবে।

বারবার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনশক্তি রপ্তানির বাজার মালয়েশিয়া ২০২৪ সালের ৩১ মে থেকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ ছিল। এর আগে ২০০৮ সালে প্রথমবার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেশটি। ২০১৬ সালে বাজারটি আবার চালু হলেও কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৮ সালে বন্ধ হয়ে যায়।

২০২২ সালে নতুন করে শ্রমবাজার চালু হলেও কর্মী নিয়োগ ও বিদেশে পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটনির্ভর ব্যবস্থার অভিযোগ সামনে আসে। বিশেষ করে ২০১৮ ও ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর উদ্যোগকে পুরোনো ব্যবস্থার বাইরে বিকল্প কর্মসংস্থান মডেল হিসেবে দেখা হচ্ছে। প্রথম দফার ১১২ কর্মীর যাত্রার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন অধ্যায় শুরু হচ্ছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button