প্রবাসীদের ভোট নিয়ে বড় সিদ্ধান্ত ইসির
দেশের বাইরে বসবাস করলেও নিজের সংসদীয় আসনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন ও ভোটদানে সম্মতি জানানোর সুযোগ থাকবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানিয়েছে, কিশোরগঞ্জ-৩ আসনের যেসব প্রবাসী ভোটার ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না। তবে আসন্ন উপনির্বাচনে ভোট দিতে আগ্রহী কি না, তা নিশ্চিত করতে তাদের কাছে নোটিফিকেশন পাঠানো হবে।
আগামী ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ভোটারদের অ্যাপের মাধ্যমে ভোটদানের সম্মতি জানাতে হবে। সম্মতি পাওয়ার পর তাদের বিদেশে নিবন্ধিত ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানোর ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, তাদের জন্যও নতুন করে সুযোগ রাখা হয়েছে।
কিশোরগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত প্রবাসী ভোটাররা ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপটিতে নিবন্ধন সম্পন্ন করে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
যেভাবে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করবেন
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নির্বাচন কমিশনের নির্ধারিত ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহার করতে হবে। যারা আগে নিবন্ধিত ছিলেন, তাদের নোটিফিকেশন পেয়ে ভোটদানের সম্মতি নিশ্চিত করতে হবে। আর যারা আগে নিবন্ধন করেননি, তাদের নতুন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের ক্ষেত্রে বিদেশের সঠিক ঠিকানা দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশন ওই ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠাবে। ফলে ঠিকানা ভুল হলে বা পরিবর্তিত হলে ব্যালট পেতে জটিলতা তৈরি হতে পারে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
আরও পড়ুনঃ সৌদিতে নারী কর্মীরা কতটা নিরাপদ? নির্যাতনের শিকার হলে কী করবেন
এ নির্বাচনে প্রবাসী ভোটারদের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পোস্টাল ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪৮ হাজার ৬২৪ জন।
প্রবাসী ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য: ৬ ডিসেম্বরের পর নিবন্ধন বা ভোটদানের সম্মতি জানানোর সুযোগ থাকবে কি না, সে বিষয়ে ইসির ঘোষণার ওপর নির্ভর করতে হবে। তাই শেষ সময়ের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।



