প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের
মন্ত্রিসভায় অনুমোদন পেলে চূড়ান্ত সিদ্ধান্ত; আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, লন্ডন, আমেরিকা, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তাঁর মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এ সময় বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত ব্যক্তিকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর অভিযোগের বিষয়েও সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অনুপযুক্ত কর্মীকে উপযুক্ত দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হতে পারে।
প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকার সচেষ্ট রয়েছে।
সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী স্থানীয় পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতার উদ্যোগের কথা জানান।
সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দেশে আনার ব্যয়ের একটি অংশ পরিবারের ওপর থেকে কমবে। তবে এ সুবিধা কার্যকর করতে মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।



